সাড়ে ৯০০ ম্যাচের পর থামছেন জানেত্তি

‘আমার যাবার সময় হলো দাও বিদায়’—হাভিয়ের জানেত্তির বিদায় রাগিণী কি তবে বেজে উঠল? মেঘে মেঘে বেলাও তা আর কম হলো না! আগস্টে ৪১ ছুঁয়ে ফেলবেন। জানেত্তির এখনো খেলে যাওয়াটাই তো বিস্ময়! তবে আর মাত্র দুটি ম্যাচ। তার পরই শেষ হয়ে যাবে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফুটবলারের যাত্রা।
লিগে অবশিষ্ট দুটি ম্যাচ বাদ দিলে ‘এল ট্রাক্টর’ এ পর্যন্ত খেলেছেন ৯৫৫টি ম্যাচ। এই মৌসুম শেষেই বুট জোড়া তুলে রেখে জানেত্তি যোগ দেবেন ইন্টারের পরিচালনা বোর্ডে। এরপর হয়ে যাবেন ক্লাবের ক্রীড়া পরিচালক। গেল সপ্তাহে ক্লাব সভাপতি এরিক থোহির জানিয়েছিলেন, এ মৌসুম শেষেই বুট তুলে রেখে ক্লাবের নতুন দায়িত্ব নেবেন জানেত্তি।
জানেত্তি আর্জেন্টিনায় পরিচিত ‘পাপি’ নামে আর ইতালিতে ‘এল ট্রাক্টর’। নেরাজ্জুরিদের জার্সি গায়ে ৬১৩ আর জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৫ ম্যাচ। খেলেছেন ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপ। মোট ৯৫৫ ম্যাচে গোল করেছেন ২৬টি।
জানেত্তি বললেন, ‘৪০-এ থামা অন্য রকম অনুভূতি। নিজেকে গর্বিত মনে করার এটাই উপযুক্ত সময়। গত বছরের চোটের পর প্রমাণ করার দরকার ছিল, প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারি। সেটি করতে পেরেছিও। স্বপ্ন দেখতাম ইন্টারেই ক্যারিয়ার শেষ করব। ইন্টার আমার বাড়ি। চেষ্টা করব মাঠের বাইরেও যথাসম্ভব ক্লাবে অবদান রাখতে।