সিঁদুরে মেঘ দেখেন না ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে যখন গ্যালাতাসারাইয়ের নাম ঘোষণা করা হলো, তখন হয়তো স্যার অ্যালেক্স ফার্গুসনের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়েছে। রিয়ালের জায়গায় থাকতে পারত তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেডও! ২ ও ৩ এপ্রিল প্রথম লেগের পর কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ হবে ৯ ও ১০ এপ্রিল।১৭ বছর পর ইউরোপের সবচেয়ে কুলীন প্রতিযোগিতার শেষ আটে নেই ইংল্যান্ডের কোনো ক্লাব। ইউরোপে ইংলিশ ক্লাবগুলোর রাজ্যপাট শেষ হয়ে আসছে, এমন ফিসফাসই শুরু হয়ে গেছে এতে। তবে স্যার অ্যালেক্স ফার্গুসন এটাকে বড় করে দেখতে রাজি নন। শেষ ষোলোয় যে স্রেফ দুর্ভাগ্যের কাছেই হেরে গেছে ইউনাইটেড, মনে করিয়ে দিয়েছেন সেটিই, ‘অবনতির কথা যদি বলেন, সবাইকে একই ঝুড়িতে আপনি ফেলতে পারেন না। রিয়ালের সঙ্গে আমাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। শেষ আটে ওঠাটা আমাদেরই প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত সেটা হয়নি।’গত সাত বছরে তিনটি ইংলিশ ক্লাব জিতেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ফার্গি তাই মনে করেন না ইংলিশ ক্লাবগুলোর দিন শেষ হয়ে গেছে, ‘কয়েক বছর আগেও ইংলিশ দলগুলো নিয়মিত সেমিফাইনাল ও ফাইনাল খেলত। এই মুহূর্তে জার্মান দলগুলো ভালো করছে। স্পেন তো কয়েক বছর ধরেই করছে।’রিয়ালের সঙ্গে ম্যাচে তুর্কি রেফারি জুনেত চাকিরের বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখেন ইউনাইটেড উইঙ্গার। ফার্গুসন মনে করেন, ওই সিদ্ধান্তটাই কাল হয়েছে তাঁর দলের জন্য। ঘটনাচক্রে শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ তুর্কি ক্লাব গ্যালাতাসারাই। ফার্গি একটা খোঁচা মারার সুযোগ হাতছাড়া করেননি, ‘আমি আশা করছি, রিয়াল ভালো করবে। তবে আর যা-ই হোক, তুর্কি রেফারি তো তারা পাচ্ছে না।’ শিরোপার দাবিদার হিসেবে কয়েকটা দলের কথাই অবশ্য বললেন, ‘ডর্টমুন্ড কালো ঘোড়া হতে পারে, বায়ার্নও শক্তিশালী। বার্সেলোনা ছিল মিলানের সঙ্গে দুর্দান্ত। রিয়াল তো আছেই।’ ওয়েবসাইট।শেষ আটের লড়াই ২ এপ্রিল পিএসজি-বার্সেলোনাবায়ার্ন মিউনিখ-জুভেন্টাস৩ এপ্রিল রিয়াল মাদ্রিদ-গ্যালাতাসারাইমালাগা-বরুসিয়া ডর্টমুন্ডদ্বিতীয় লেগ: ৯ ও ১০ এপ্রিল