সিংহের ডেরায় জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লাসগোতে পা দেওয়ার পর জুভেন্টাসের কোচ আন্তোনিও কন্তে নিশ্চয়ই শিষ্যদের সাবধান করে দিয়েছেন, ‘বাছারা, সাবধান। তোমরা কিন্তু সিংহের ডেরায় ঢুকছ!’ এই মৌসুমে বেনফিকা, স্পার্তাক মস্কোর মতো ক্লাব তো বটেই, বার্সেলোনা পর্যন্ত হারের লজ্জা নিয়ে ফিরেছে পার্কল্যান্ড থেকে। সেল্টিকের মাঠকে তাই সিংহের ডেরা বললে খুব একটা ভুল বলা হবে না! ৬০ হাজার সমর্থকের চিৎকার, ঘরের মাঠে আমূল বদলে যাওয়া সেল্টিক। সব মিলিয়ে জুভেন্টাসের জন্য কঠিন একটা পরীক্ষাই অপেক্ষা করছে। তার ওপর দুই দলের শেষ সাক্ষাতের স্মৃতিটা খুব একটা সুখকর নয় ইতালিয়ান চ্যাম্পিয়নদের জন্য। ২০০১ সালের সেই ম্যাচে মার্সেলো লিপ্পির জুভেন্টাসকে সেল্টিক হারিয়েছিল ৪-৩ গোলে। সেল্টিক কোচ নিল লেননের কাছে সেই স্মৃতিটা মলিন হতে পারে না। খেলোয়াড় হিসেবে জুভেন্টাস-বধের একজন নায়ক ছিলেন তিনিও! লেনন অবশ্য কন্তের জুভেটাসকেই এগিয়ে রাখছেন, ‘লিপ্পির দলে ত্রেজেগে, দেল পিয়েরো, নেদভেদ, ডেভিডসদের জন্য ঝলকটা বেশি ছিল। কিন্তু তাদের প্রতি সম্মান জানিয়েই বলব, এই দলটা আরও বেশি পরিশ্রমী।’ পাভেল নেদভেদ এখন জুভেন্টাসের পরিচালক, সেই স্মৃতি থেকেই সতর্ক করে দিচ্ছেন উত্তরসূরিদের, ‘গ্লাসগোতে পরিবেশটা কেমন হবে সেটা আমি ভালোমতোই জানি। কারণ আমি ছিলাম সেখানে। প্রত্যক্ষ অভিজ্ঞতাও আছে আমার।’ সিরি ‘আ’তে শীর্ষেই আছে তুরিনের ক্লাবটি। আর স্কটিশ লিগে সেল্টিক তো শিরোপার সুবাসই পাচ্ছে। তার ওপর সামনে ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে যাওয়ার হাতছানি। লড়াইটা জমবে ভালোই!দিনের আরেক ম্যাচে মুখোমুখি ভ্যালেন্সিয়া ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। কয়েক দিন আগেই লা লিগায় বার্সেলোনাকে রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া। স্প্যানিশ ক্লাবটির ডিফেন্ডার হোয়াও পেরেইরা তাই অভয়মন্ত্রে উদ্বুদ্ধ করছেন সতীর্থদের, ‘পিএসজি মোটেই বার্সেলোনা নয়। এটা আলাদা একটা প্রতিযোগিতা। খেলাটাও আলাদা।’ পেট্রোডলারের দাক্ষিণ্যে ফুলেফেঁপে ওঠা ফরাসি ক্লাবটি অবশ্য তাকিয়ে থাকবে জ্লাতান ইব্রামোভিচের দিকেই। এই মৌসুমে লিগে ২১ গোল করে দলকে তুলে এনেছেন ফরাসি লিগের শীর্ষে, আক্রমণের মূল কাণ্ডারি তো ইব্রাই! এএফপি।আজ মুখোমুখিসেল্টিক: জুভেন্টাস ভ্যালেন্সিয়া: পিএসজি