সিংহের শিকার ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪২ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের মেরুদণ্ড ভেঙেছেন লায়ন ছবি: রয়টার্স।
৪২ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের মেরুদণ্ড ভেঙেছেন লায়ন ছবি: রয়টার্স।

আগের টেস্টটা বৃষ্টির বদান্যতায় ইংল্যান্ড ড্র না করলে হয়তো জমজমাট এক অ্যাশেজ সিরিজের রোমাঞ্চই পাওয়া যেত এবার। প্রথম দুই ম্যাচে এক রকম অসহায় আত্মসমর্পণ করা অস্ট্রেলিয়া যে তৃতীয় টেস্ট থেকেই ঘুরে দাঁড়িয়ে। সেই ঘুরে দাঁড়ানোর প্রতিচ্ছবি থাকল চতুর্থ টেস্টের প্রথম দিনেও। নাথান লায়নের ঘূর্ণিতে কোণঠাসা ইংল্যান্ড। প্রথম দিনটা তারা শেষ করেছে ২৩৮ রানে, হাতে মাত্র একটা উইকেট। ৯ উইকেটের চারটিই শিকার করে ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেটের সামনে এই স্পিনার।

চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। ১ উইকেটে তুলে ফেলেছিল ১০৭ রান। কিন্তু পরের ৯৩ রান তুলতেই আরও ৮ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। বলে না দিলেও চলছে, নিয়মিত বিরতিতেই সাজঘরে ফিরেছেন পিটারসেন-বেল-বেয়ারস্টোরা। দুই ওপেনার জো রুট ও অ্যালিস্টার কুককে ফেরান শেন ওয়াটসন ও জ্যাকসন বার্ড। এর পরই দৃশ্যপটে আবির্ভাব লায়নের। ইংলিশ লাইনআপের তিন থেকে ছয়—এই চার ব্যাটসম্যানকেই তুলে নিয়ে মেরুদণ্ডটা ভেঙেছেন তিনিই।

৩৬তম ওভারে আক্রমণে আসার দুই ওভার পরেই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন ট্রটকে খাজার ক্যাচ বানিয়ে। ফিফটি থেকে মাত্র এক রান দূরে ছিলেন ট্রট। কুকের ৫১ রানের পর তাঁরটাই অবশ্য দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ।

নিজের পঞ্চম ওভারে কেভিন পিটারসেন (২৬), অষ্টম ওভারে ইয়ান বেলকেও (৬) ফিরিয়ে দেন লায়ন। চতুর্থ উইকেটটির জন্য অবশ্য আরও আট ওভার অপেক্ষা করতে হয় তাঁকে। এ সময় ৩৪ রানের জুটি গড়ে ১৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডকে উদ্ধারের চেষ্টা করেছিল বেয়ারস্টো-প্রায়র জুটি। প্রায়রকে নিজের শিকার বানিয়ে এই জুটিটা সিডল ভাঙার পর বেয়ারস্টোকেও খানিক পরে ফিরিয়ে দেন লায়ন। পর পর আঘাতে ব্রড ও সোয়ানকে রায়ান হ্যারিস ফিরিয়ে দিলে ২১৪ রানে ৯ উইকেট হারায় ইংল্যান্ড।

দিনের বাকি ২০টা বল সামলে-সুমলে খেলে প্রথম দিনেই অলআউট হওয়ার হাত থেকে দলকে অবশ্য বাঁচিয়েছেন জেমস অ্যান্ডারসন ও টিম ব্রেসনান। ১০ বলে চার চারে ১৬ তুলে ফেলা অ্যান্ডারসন অবশ্য লোয়ার অর্ডার মেজাজেই ব্যাট করছেন। এই দুজনেরই কেউ হয়তো ক্ষুধার্ত সিংহ লায়নের পঞ্চম খাবার হওয়ার অপেক্ষায়!