সিক্স সিজনস দাবায় এশিয়াডের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চে কক্সবাজারে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট দিয়ে শুরু হয়েছিল পথচলা। এরপর একটি গ্র্যান্ডমাস্টার, তিনটি আন্তর্জাতিক মহিলা মাস্টার ও দুটি আন্তর্জাতিক রেটিং দাবার আয়োজন করেছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের সিক্স সিজনস দাবা সংগঠন। ৩১ অক্টোবর থেকে উত্তরা ক্লাবে শুরু হচ্ছে তাদের আরেকটি গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট।আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে টুর্নামেন্টটিকে, যেখানে খেলবেন দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টারের (আইএম) নর্মের সুযোগ রয়েছে দুই ফিদে মাস্টার মিনহাজ ও আবু সুফিয়ানের। বাংলাদেশের পাঁচ দাবাড়ু ছাড়াও এতে অংশ নিচ্ছেন ভারতের গ্র্যান্ডমাস্টার শাহাজ গ্রোভার ও উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাকিদভ তাহির।গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য ৯ খেলায় ৭ পয়েন্ট ও আন্তর্জাতিক মাস্টারের নর্মের জন্য ৫.৫ পয়েন্ট লাগবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় প্রতিযোগিতা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বার্জার পেইন্ট। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান সিক্স সিজনস চেস টুর্নামেন্টের প্রধান গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।