সিঙ্গাপুর থেকে ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর থেকেই জার্মানির বিমান ধরেছেন চয়ন ও বিপ্লব। সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ হকি দলের বাকি ১৪ জন ফিরেছেন গতকাল। তাঁদের মধ্যেও দুজনকে লাগেজ গোছাতে হবে আবার। ইউরোপে খেলতেই জিমি ও পিন্টু বিমানে উঠবেন আগামী সোম অথবা মঙ্গলবার। চয়ন ও বিপ্লব জার্মানির তৃতীয় বিভাগ হকি লিগে রট ওয়েসিসের হয়ে খেলতে গেছেন মিউনিখে। আর আগামী সপ্তাহে অস্ট্রিয়া যাচ্ছেন জিমি। পোস্ট এসসি দলের হয়ে খেলবেন সেখানকার দ্বিতীয় বিভাগ লিগে। পিন্টুও চয়নদের সঙ্গেই খেলবেন রট ওয়েসিসে।কয়েক বছর আগেও ভারত-পাকিস্তানে লিগ খেলার স্বপ্ন দেখতেন বাংলাদেশের হকি খেলোয়াড়েরা। কিন্তু দুই বছর ধরে তাঁরাই ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলে আসছেন। খেলোয়াড়দের জন্য ইউরোপের দরজা খুলে দেন জাতীয় দলের সাবেক কোচ গেরহার্ড পিটার। তাঁরই ক্লাবে এবার খেলবেন চয়ন, বিপ্লব ও পিন্টু। প্রায় আড়াই বছর পর এবার হলো ঘরোয়া লিগ, এখন আবার ইউরোপীয় লিগে খেলতে যাওয়া—বিষয়টিকে খুবই ইতিবাচক চোখে দেখছেন জাতীয় দলের স্ট্রাইকার জিমি। ‘আমাদের জন্য এটা খুবই ইতিবাচক। আগে কোরিয়া, ভারত, পাকিস্তানের মতো বড় দলের সঙ্গে খেলার আগে ভয় পেতাম, সেই ভয়টা এখন কেটে গেছে। জিততে না পারি, অন্তত লড়াই করতে পারব, এই আত্মবিশ্বাস এসেছে। আর্থিকভাবেও লাভবান হচ্ছি আমরা’—বললেন জিমি।