সিঙ্গাপুর থেকে যা নিয়ে এলেন বিসিবি সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর থেকে সুখবর নিয়েই ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেই সুখবরটা হলো, আগামী ২০১৬ সালে বাংলাদেশ দল প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফর করবে।

কাল রাতে সিঙ্গাপুর থেকে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘আপনারা জানেন, ২০১৪-তে ভারত বাংলাদেশে আসছে। ২০১৫ সালে তারা আবার বাংলাদেশে আসবে। ২০১৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ দল ভারতে যাবে টেস্ট খেলার জন্য। ২০২০-এ আবার ভারত আসবে।’ এসব সিরিজের ব্যাপারে বিসিসিআইর সঙ্গে লিখিত চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

এ ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকেও কয়েকটি সিরিজের প্রতিশ্রুতি আদায় করা গেছে বলে জানিয়েছেন তিনি, ‘অস্ট্রেলিয়া ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে। ২০২১ সালের জুলাইয়ে আবারও আসবে। মাঝে ২০১৮ সালে আমরা অস্ট্রেলিয়া সফরে যাব টেস্ট ও ওয়ানডে খেলতে। এ ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। তারিখ চূড়ান্ত হওয়ার পর চুক্তি সই করব।’

বিসিবি সভাপতি জানিয়েছেন, বর্তমান এফটিপি ২০২০ সাল পর্যন্ত হলেও দ্বিপক্ষীয় সিরিজগুলোর জন্য নতুন করে চুক্তি করতে হচ্ছে। ইসিবির সঙ্গে কোনো চুক্তি সই না হলেও বর্তমান এফটিপি অনুযায়ী বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানিয়েছেন নাজমুল হাসান।

আইসিসির কাছ থেকে রাজস্বের ভাগ হিসেবে এত দিন যা পেত বিসিবি, এখন থেকে আট বছরের পরিক্রমায় তার দ্বিগুণ পাবে বলে জানিয়ে এটিকে বিসিবির জন্য ‘বিরাট সাফল্য’ বলে দাবি করেছেন বোর্ড সভাপতি।

জাতীয় দলের সহ-অধিনায়কের পদ থেকে তামিম ইকবালের পদত্যাগ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও বোর্ড সভাপতি বলেছেন, ‘মাশরাফি অধিনায়ক ছিল, অভিজ্ঞ। তার কাছ থেকে সেরাটা পাওয়া যায় কি না আমরা দেখব।’