সিঙ্গাপুর বৈঠক নিয়ে নির্ভার বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিগ থ্রি’র অদ্ভুত প্রস্তাবপত্র টালমাটাল করে দিয়েছে বিশ্ব ক্রিকেটকেই। তার ধাক্কা এসে লাগছে বাংলাদেশের ক্রিকেটেও। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, প্রাথমিক প্রস্তাবে কিছু পরিবর্তন আসায় ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আইসিসির সভায় একটু স্বস্তি নিয়েই যেতে পারছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। আজ রাতেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর।
গত ২৮ ও ২৯ জানুয়ারি দুবাইয়ে আইসিসির সভায় আন্তর্জাতিক ক্রিকেটকে ঢেলে সাজাতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দেওয়া প্রস্তাবপত্রে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে নয়টি বিষয়ের একটি নীতিমালাও গঠন করা হয়। ৮ ফেব্রুয়ারির সভায় এই নীতিমালা অনুসরণ করেই ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামোর ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বসম্মতিক্রমেই ঠিক হয়েছে এই নীতিমালা। যদিও পরে এ ব্যাপারে ভিন্নমত শোনা গেছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান বোর্ডের।
প্রথম প্রস্তাবের পর এই তিন বোর্ডের জোটে বাংলাদেশও ছিল। তবে জোটবদ্ধ হলেও চার দেশের দাবি ছিল চার রকম। দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের বিপক্ষে বিসিবি শক্ত অবস্থান নিলেও বাকি তিন দেশের এ নিয়ে মাথাব্যথা ছিল না। তাদের কেউ আইসিসিতে ক্ষমতা খর্ব হয়ে যাওয়া নিয়ে বেশি বিচলিত ছিল, কেউ বা দ্বিপক্ষীয় সিরিজ খেলার ওপর জোর দিয়েছে, কারও হয়তো দাবি ছিল রাজস্বের ভাগ বাড়ানো।
প্রস্তাব থেকে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট বাদ দেওয়ার শর্ত মেনে নেওয়া হবে এবং ভবিষ্যতে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজের প্রতিশ্রুতি পাওয়ায় বিসিবিও চলে আসে ‘বিগ থ্রি’র ছাতার নিচে। অন্য তিন দেশের দাবি, বিসিবি নাকি ‘বড় ভাই’দের সঙ্গে গোপন একটা চুক্তিতেও সই করেছে। কাল সে দাবি উড়িয়ে দিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘এ ধরনের কথা একদমই ঠিক নয়। বিসিবির পক্ষ থেকে এমন কোনো কিছুতে স্বাক্ষর করা হয়নি, যা বাংলাদেশের ক্রিকেটের বিপক্ষে যাবে।’ সঙ্গে আরও যোগ করেন, ‘আমাদের দাবি ছিল দুটি দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাব বাতিল করা ও বাংলাদেশের খেলার সুযোগ বাড়ানো। দুটো দাবিই মেনে নেওয়া হয়েছে।’
জালাল ইউনুস না বললেও বুঝতে অসুবিধা হয় না, এই দুটি দাবি আদায় করতে গিয়ে ক্রিকেটের বৈশ্বিক ব্যাপারগুলোতে ‘বিগ থ্রি’কে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি। পাঁচ সদস্যের নির্বাহী কমিটিতে (এক্স-কো) বড় তিন দলের থাকার নিশ্চয়তা, রাজস্ব ভাগাভাগিতেও তাদের প্রস্তাবের পক্ষে থাকা সেগুলোর মধ্যে পড়ে। ক্ষমতা আর অর্থের রাজনীতির বিশাল মঞ্চে বাংলাদেশ চুনোপুঁটি। সেসব লড়াইয়ে না জড়িয়ে তাই নিজেদের স্বার্থ সংরক্ষণেই বেশি মনোযোগী বিসিবি। তবে ৮ ফেব্রুয়ারির সভার আগে নিজেদের অবস্থান নিয়ে বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা না করার অভিযোগ আছে বিসিবির সভাপতি নাজমুল হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে জানতে কাল সভাপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। তবে সভাপতির কাছের একটি সূত্র নিশ্চিত করেছে, এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে একাধিক আলোচনা হয়েছে নাজমুল হাসানের। এমনকি দুবাইয়ের সভা চলাকালে নাকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে টেলিফোনের মাধ্যমে পরিস্থিতি অবহিত করেছেন বিসিবি সভাপতি।
বিসিবির দাবি, দ্বিস্তরবিশিষ্ট ক্রিকেটের প্রস্তাব বাদ দেওয়ার পর প্রস্তাবপত্র নিয়ে অন্তত তাদের আর চিন্তার কিছু নেই। এটি অনুমোদন হলে বরং বাংলাদেশ দলের খেলা ও বিসিবির আয় দুটোই বাড়বে। এটা ঠিক যে, পরিবর্তিত প্রস্তাবটি অনুমোদন হলেও ক্রিকেটের সর্বময় ক্ষমতা এক রকম ‘বিগ থ্রি’র হাতেই থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আয় করা রাজস্বের বেশির ভাগ অংশও যাবে তাদের ভান্ডারে। এ ব্যাপারে বিসিবির মনোভঙ্গি খুব পরিষ্কার—বিশ্ব ক্রিকেটের ভালোমন্দের চেয়ে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থ দেখাটাই তাদের প্রথম কাজ এবং পরিবর্তিত প্রস্তাবে সেটিতে কোনো আঘাত আসছে না।
চলতি শ্রীলঙ্কা সিরিজ শেষে ২০২০ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) বাংলাদেশ দলের টেস্ট খেলার কথা মোট ৪০টি। বিসিবির সভাপতি আগেই নিশ্চিত করেছেন, টেস্ট ম্যাচের এই সংখ্যা তো কমবেই না, বরং বাড়বে। আগামী দুই বছরের মধ্যে ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দলের সঙ্গে বাংলাদেশ খেলবে বলেও জানিয়েছেন তিনি। কাল আরেকটি সূত্রে জানা গেছে, বিসিবির সভাপতিকে বিসিসিআই চেয়ারম্যান এন শ্রীনিবাসন ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ দলকে ভারত সফরে আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সফরটা হবে শুধুই ওয়ানডে সিরিজের। ভারতে গিয়ে আপাতত টেস্ট খেলতে বিসিবিও চায় না। তাতে যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের পয়েন্ট কমার সম্ভাবনাই বেশি! তবে বড় দলগুলো এসব প্রতিশ্রুতি আদৌ কতটা রাখবে, সে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন, ‘অতীতে দেখেছি এফটিপিতে থাকার পরও আমরা ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো সফর করতে পারিনি। আইসিসির প্রস্তাবপত্র অনুমোদনের দুই বছর পর যে আবারও সেই পরিস্থিতির সৃষ্টি হবে না, তার নিশ্চয়তা কী? এসব নিয়ে অন্ধকারে না থেকে আমরা কোন সময়ে দেশগুলো সফর করব, সুনির্দিষ্টভাবে তা জানা থাকতে হবে।’
প্রস্তাবপত্র থেকে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের কথা বাদ দেওয়া হলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়ার আশঙ্কা থাকছে বাংলাদেশের। নতুন প্রস্তাবে আইসিসির সহযোগী দেশগুলোর টুর্নামেন্ট ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দলের জন্য টেস্ট খেলার সুযোগ তৈরি হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে তারা টেস্ট খেলবে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর দলের সঙ্গে। তাতে ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দল জিতে গেলে স্থায়ী টেস্ট মর্যাদা ছাড়াই ১১ নম্বর দল হিসেবে পরবর্তী তিন-চার বছর তারা বিভিন্ন দলের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে টেস্ট খেলতে পারবে। টেস্ট মর্যাদা থেকে যাবে হেরে যাওয়া ১০ নম্বর দলেরও, তারাও টেস্ট খেলবে। তবে ছোট দলের সঙ্গে হারার মাশুল হিসেবে আইসিসি থেকে পাওয়া রাজস্ব আয়ের ৫ শতাংশ জরিমানা করা হবে।
এত দিনের চলে আসা নিয়ম অনুযায়ী উদ্ধৃত রাজস্বের ৭৫ ভাগ ১০টি পূর্ণ সদস্য দেশের মধ্যে সমান ভাগে ভাগ করে দিত আইসিসি। বাকি ২৫ ভাগ পেত আইসিসির সহযোগী ও নিবন্ধিত দেশগুলো। এই হিসাবে আইসিসি থেকে এত দিন রাজস্ব আয়ের ভাগ হিসাবে বছরে প্রায় ৩৫ মিলিয়ন ডলার পেত বিসিবি। বিসিবি সূত্রের দাবি অনুযায়ী, নতুন প্রস্তাব অনুমোদন হলে সেটা বেড়ে দাঁড়াবে ৬৮ মিলিয়ন ডলারের মতো। আর ভারতীয় বোর্ডের জন্য নতুন অঙ্কটা হবে ৪৫০ মিলিয়ন ডলার।