সিঙ্গাপুর যাচ্ছে যুব হকি দল
টুর্নামেন্টটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য যুব অলিম্পিকে খেলার একটা সুযোগ। আগামী ৪-১৭ এপ্রিল সিঙ্গাপুরে হবে অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকি। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দল খেলবে আগামী বছর চীনে অনুষ্ঠেয় যুব অলিম্পিকে। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কাজাখস্তান। আগামী ৩ এপ্রিল ঢাকা ছাড়বে যুব হকি দল।জাতীয় যুব দলের আড়ালে এই খেলোয়াড়দের সবাই মূলত বিকেএসপির ছাত্র। ফাইভ-এ-সাইডের টুর্নামেন্টটা উৎসবের আমেজেই হবে। তার পরও সবার চোখেমুখে একটাই স্বপ্ন, ভালো খেলা। খেলার নিয়মকানুন একটু ব্যতিক্রমী। ৩৬ মিনিটের ম্যাচে কোনো পেনাল্টি কর্নার নেই, শুধু পেনাল্টি স্ট্রোক আছে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে পরে আরও ১২ মিনিট খেলা হবে। সে ক্ষেত্রে খেলোয়াড়ের সংখ্যাও প্রতি দলে কমে যাবে একজন করে। মাত্র এক সপ্তাহ অনুশীলন করে যাবে বাংলাদেশ দল। কোচ কাওসার আলী এই প্রস্তুতিকে যথেষ্ট মনে না করলেও ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী। যুব হকি দলের জার্সির পৃষ্ঠপোষকতা করছে ফ্যাশন হাউস অঞ্জনস।