
ঘরোয়া হকিতে এমন দৃশ্য দেখা যায়। বড় ক্লাবের সমর্থকদের ভিড়ে উপচে পড়ে ভিআইপি গ্যালারি। আন্তর্জাতিক প্রতিযোগিতা বলেই কিনা ভিআইপি গ্যালারি ছাপিয়ে দর্শক ছড়িয়ে গেল দুই পাশের গ্যালারিতেও। অনেক দর্শকের গায়ে জড়ানো লাল-সবুজ পতাকা। মাথায়ও পতাকা বেঁধে এসেছেন কেউ কেউ। এশিয়ান গেমসের বাছাই পর্বের খেলা দেখতে আসা এই দর্শকদের নিরাশ করেনি বাংলাদেশ। সিঙ্গাপুরকে ২-০ গোলে হারিয়ে তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়।
আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেই সম্ভাবনাই বেশি। বড় কোনো অঘটন না হলে আগামী সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার টিকিট অনেকটাই নিশ্চিত স্বাগতিক দলের। (আট দলের সেরা ছয় যাবে মূল পর্বে)। তবে ঘরের মাঠে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জটাই বড়। সে লক্ষ্যেই খেলছে বাংলাদেশ।
কিন্তু সেভাবে এখনো জ্বলে উঠতে পারেনি স্বাগতিকরা। হংকংকে ৫-১ গোলে উড়িয়ে কাল সিঙ্গাপুরের বিপক্ষে জিততে হয়েছে ঘাম ঝরিয়ে। ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসছিল না। তিন ফরোয়ার্ড কৃষ্ণা, কৌশিক ও মিমো দিয়েছেন গোল নষ্টের মহড়া। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) এদিন পাঁচটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পেরেছেন মাত্র একটি।
৪০ মিনিটে জটলা থেকে এল প্রথম গোল। সিঙ্গাপুরের গোলরক্ষক সুরেশ জায়গা ছেড়ে খানিকটা এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কৃষ্ণা। চার বছর পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃষ্ণা এদিন ম্যাচসেরা হলেন। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক মামুনুরের স্টিকে ব্যবধান দ্বিগুণ।
জয়ের রাস্তায় থাকলেও শিষ্যদের খেলায় কোচ নাভিদ আলম অখুশি ‘আমি সন্তুষ্ট হতে পারছি না। আমাদের প্রধান শক্তি ফিল্ড গোল। সেই গোল প্রত্যাশা অনুযায়ী আসছে না। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে ছেলেরা। এটা নিয়ে আরও কাজ করা দরকার। খেলায়ও মনোযোগ আরও বাড়াতে হবে ওদের।’
ইরানের জয়: অন্য ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইরান। এটা হংকংয়ের টানা দ্বিতীয় হার।