সিঙ্গাপুরও হারায় বাংলাদেশকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস হকির বাছাইপর্ব থেকে দুটি দল যাবে চূড়ান্ত পর্বে—টুর্নামেন্ট শুরুর আগে ফেডারেশন থেকে জানা গিয়েছিল এই তথ্য। কিন্তু মাঝপথেই সুর বদলে ফেলেন কর্তারা। জানালেন, নতুন নিয়মে ৬ দল উঠবে চূড়ান্ত পর্বে। সব মিলিয়ে ১২টি দলের টুর্নামেন্ট হবে আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে। ভাগ্যিস, চার ম্যাচ হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত করে ফেলেছে থাইল্যান্ড! না হলে ৭০ লাখ টাকা বাজেটের টুর্নামেন্ট থেকে বাদ পড়লে বিব্রতকর অবস্থাতেই পড়তে হতো বাংলাদেশকে। তবে লজ্জাটা কমও হয়নি। এই প্রথম সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ (১-০)! কাল এই হারের পর সাবেক খেলোয়াড় রফিকুল ইসলামকে (কামাল) দেখা গেল ড্রেসিংরুমের এক কোনায় চুপচাপ দাঁড়ানো। তিনি হতাশ, বিস্মিত। স্মৃতি হাতড়ে মনে করতে পারলেন না সিঙ্গাপুরে বিপক্ষে কখনো হেরেছেন কি না। বললেন, ‘১৯৯৬ সালে জুনিয়র এশিয়া কাপে সিঙ্গাপুরকে গুনে গুনে ৭ গোল দিয়েছিলাম। ওই ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ গোল করেছিলাম।’ হকির ভবিষ্যৎ ভেবে শঙ্কিতই তিনি, ‘এই কষ্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। এভাবে চললে আমাদের হকি শেষ হয়ে যাবে।’ কাল বাংলাদেশের খেলায় চোখে পড়ার মতো তেমন কিছুই ছিল না। রাসেল মাহমুদের (জিমি) বেশ কটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন সিঙ্গাপুর গোলকিপার ওয়াং চিয়াং-রবিন। গোল হতে পারত ৫৯ মিনিটে। মাকসুদ আলমের (হাবুল) বাড়িয়ে দেওয়া বলে সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন কৃষ্ণ। অনেক কষ্টে আদায় করা তিনটি পেনাল্টি কর্নার থেকেও গোল নেই। কয়েক ম্যাচে ধারাবাহিক ব্যর্থ মামুনুর রহমানের (চয়ন) বদলে একবার পেনাল্টি কর্নার নিতে দেখা গেল আসাদুজ্জামানকে (চন্দন)। কিন্তু তথৈবচ! ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফারহান কামসানির করা একমাত্র গোলই খেলার ভাগ্য বেঁধে দিল। তবে হেরেও সান্ত্বনা রাসেল মাহমুদের ম্যাচসেরার পুরস্কার।ম্যাচ শেষে কোচ পিটার গেরহার্ড দুষলেন খেলোয়াড়দের। অভিযোগের তীর ছুড়লেন মামুনুর ও কৃষ্ণর দিকে। তবে অভিযোগ অস্বীকার করে মামুনুর বলেন, ‘আমি কারও দ্বারা প্রভাবিত হয়ে খেলছি না। অন্য কেউ কিছু করছে কি না, জানি না। তবে আমি অন্তত শতভাগ ঢেলে খেলছি।’ তাহলে পেনাল্টি কর্নারে ধারাবাহিক ব্যর্থ হচ্ছেন কেন? ‘আমি সামান্য অসুস্থ ছিলাম। এ জন্য পুরো শক্তি দিয়ে খেলতে পারছি না। ব্যর্থতা আমাদেরই। আমরা হাতে পাওয়া সুযোগগুলো মিস করেছি’—জানালেন মামুনুর। ওমান শীর্ষে: অন্য ম্যাচে ওমান ৫-১ গোলে চীনা তাইপেকে ও শ্রীলঙ্কা ৪-৩ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে। ৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওমান। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশ।