সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এশিয়ান গেমস হকিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ হকি দল। আজ ইনচনের সিনওয়াক হকি স্টেডিয়ামে তারা সিঙ্গাপুরকে হারিয়েছে ২-১ গোলে।
এশিয়াডের গ্রুপিং চূড়ান্ত হওয়ার সময় আজকের ম্যাচটিকেই পাখির চোখ বানিয়েছিল জাতীয় হকি দল। বিশ্ব হকির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে জয় না এলে তা হতো এক দুঃখজনক ব্যাপার। শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানে হলেও সিঙ্গাপুরের বিপক্ষে জিতে দেশবাসীর প্রত্যাশা কিছুটা পূরণ করতে পেরেছেন মামুনুর রহমান চয়ন-পুষ্কর খীসারা।
এশিয়ান গেমসের অফিশিয়াল ওয়েবসাইট বলছে, সিঙ্গাপুরের বিপক্ষে বেশ হাড্ডাহাড্ডি লড়াইই হয়েছে বাংলাদেশের। ম্যাচের চার অর্ধের প্রথমার্ধটি ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে, ম্যাচের ২২ মিনিটে পুষ্কর খীসার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর তিন মিনিট পরেই (২৫ মিনিটে) প্রাপ্ত পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ খোরশেদুর রহমান।
ম্যাচের তৃতীয়ার্ধে আবারও বন্ধ্যা অবস্থা। এ সময় বাংলাদেশ সিঙ্গাপুরের অর্ধে খেলা রেখেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি। চতুর্থার্ধে উল্টো পেনাল্টি কর্নার (পিসি) থেকে একটি গোল শোধ করে বাংলাদেশকে আতঙ্কে ফেলে দিয়েছিল সিঙ্গাপুর। খেলার ৪৭ মিনিটে সিঙ্গাপুর ব্যবধান ২-১ করে ফেলায় পরের ১৩ মিনিট গোলের সংখ্যা বাড়ানোর চেয়ে ঘর সামলানোর দিকে মনোযোগ বাড়াতে হয় বাংলাদেশ দলকে। পরের ১৩ মিনিটে ঘর ভালোভাবে সামলে শেষ অবধি এবারের এশিয়ান গেমস হকির প্রথম জয় তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি বাংলাদেশ দলের।
নিজেদের গ্রুপে বাংলাদেশের শেষ খেলা মহা শক্তিধর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।