সিঙ্গাপুরকে হারিয়েছে অনূর্ধ্ব-২৩
ক্রিকেট শেষ পর্যন্ত শোনাল একটি জয়ের খবর। সিঙ্গাপুরে এসিসি ইমার্জিং টিমস কাপের প্রথম ম্যাচে জিতেছে কাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। কেলাং গ্রাউন্ডে স্বাগতিক সিঙ্গাপুর জাতীয় দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবদল। টস জিতে ব্যাট করা স্বাগতিকেরা ৪৭.১ ওভারে অলআউট হয় ১২১ রানে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের চার স্পিনার মিলেই নিয়েছেন ৯ উইকেট, রানআউট হয়েছেন একজন। লেগ স্পিনার নূর হোসেন ২৫ রানে ৪টি, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১৯ রানে ও লেগ স্পিনার সাব্বির রহমান ২৪ রানে ২টি করে উইকেট নিয়েছেন। তথ্যসূত্র: ক্রিকইনফো। ১২২ রানের লক্ষ্য ২৬.৪ ওভারেই টপকে যায় অনূর্ধ্ব-২৩। ওপেনার সৌম্য সরকার ৬৫ রান (৮১ বল, ৬–৪, ২–৬) করে অপরাজিত ছিলেন। দলীয় ১৩ রানে রনি তালুকদার (৬) আউট হয়ে যাওয়ার পর মোহাম্মদ মিঠুনকে (৪৩) নিয়ে ৯৫ রানের জুটি গড়েন সৌম্য। ম্যাচসেরা নূর হোসেন।‘বি’ গ্রুপে আজ বাংলাদেশ যুব দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩।