বিশ্ব হকি লিগে বাংলাদেশের খেলা দেখতে কাল সপ্তাহান্তে সিঙ্গাপুর স্টেডিয়ামে এসেছিল শ-দেড়েক প্রবাসী বাংলাদেশি। তাদের হতাশ করেননি জিমি-চয়ন-চন্দনরা। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ, স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে ৪-২ গোলে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠতে বাংলাদেশের দরকার আর একটি মাত্র পয়েন্ট। অর্থাৎ আজ শেষ ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ড্র করলেই চলবে। তবে বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়েই পূরণ করতে চায় লক্ষ্য। ম্যাচের ১০ মিনিটে চয়নের পেনাল্টি কর্নারে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু সেই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজরা। ২৬ মিনিটে গোল শোধ করে সিঙ্গাপুর, ২৮ মিনিটে এগিয়েই যায় তারা (২-১)। ৩৫ মিনিটে পিন্টু পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় আনেন বাংলাদেশকে (২-২)। তবে দ্বিতীয়ার্ধে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ দলকে, মইনুল ও জিমি শেষ ১১ মিনিটে দুই গোল করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। জয়ের ব্যবধান বাড়তে পারত, কিন্তু ম্যাচ শেষের কয়েক মিনিট আগে জিমির একটি হিট ক্রসবারে লেগে ফিরে আসে।হংকংয়ের বিপক্ষে পরশু প্রথম ম্যাচে জয় ৬-১ গোলে। এরপর জয় এল সিঙ্গাপুরের বিপক্ষেও, দারুণ উজ্জীবিত বাংলাদেশ দল। কোচ মাহবুব হারুন টানা দ্বিতীয় জয়ে খুশি, তবে অখুশি রেফারিং নিয়ে। সিঙ্গাপুর থেকে টেলিফোনে বাংলাদেশের কোচ বললেন, ‘এই ম্যাচে ১১ জন নয় বাংলাদেশকে খেলতে হয়েছে ১৩ জনের বিরুদ্ধে। দুই আম্পায়ার ইচ্ছামতো আমাদের খেলোয়াড়দের হলুদ কার্ড, গ্রিন কার্ড দেখিয়েছেন। আমাদের পক্ষে বৈধ পেনাল্টি কর্নারও দেননি। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম। ওদের আমরা হারাতে পারব। আমরা সেটা দেখিয়েছি।’ টানা তিন দিন তিনটি ম্যাচ। খেলোয়াড়েরা একদমই বিশ্রাম পাচ্ছেন না। এ নিয়েই বেশি উদ্বিগ্ন হারুন, ‘খেলোয়াড়দের কাল (আজ) আবারও স্থানীয় সময় বিকেল ৪টায় মাঠে নামতে হবে। ওরা একদমই বিশ্রাম পাচ্ছে না।’ খেলতে গিয়ে গতকাল পায়ের পেশিতে টান লেগেছে রানার, চয়নের পায়ে ফোঁড়া উঠেছে। ব্যথা নিয়েই চয়নকে খেলতে হবে আজ। তবে এসব নিয়ে ভাবছেন না কোচ। খেলোয়াড়েরা সবাই থাইল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচ নিয়েই ভাবছেন। স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) দারুণ আত্মবিশ্বাসী, ‘আমরা এর আগেও থাইল্যান্ডকে হারিয়েছি। আশা করি, এই ম্যাচেও জিতব।’