সিঙ্গাপুরে আজ কী হবে?
বিশ্ব ক্রিকেটের চোখ আজ সিঙ্গাপুরে অনুষ্ঠেয় আইসিসির বিশেষ সভার দিকে। ‘বিগ থ্রি’র সংশোধিত প্রস্তাবপত্র নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই সভা। সভায় যোগ দিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী পরশু রাতেই উড়ে গেছেন সিঙ্গাপুরে।
বিসিবি কর্মকর্তাদের এই সভায় নির্ভার হয়েই যাওয়ার কথা। বাংলাদেশের দাবি অনুযায়ী, প্রস্তাবপত্র থেকে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে দ্বিস্তরবিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেট। আইসিসির গত ২৮-২৯ জানুয়ারির সভা শেষে বোর্ড সভাপতি এ-ও নিশ্চিত করেছেন, নতুন প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ দলের টেস্ট খেলা নিয়ে কোনো শঙ্কা তো নেই-ই, বরং খেলা আরও বাড়বে। এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গেও নাকি সিরিজ খেলবে বাংলাদেশ। সংশোধিত প্রস্তাবপত্র পাস হলে তাই হারানোর কিছু থাকবে না বাংলাদেশের—এমনটাই ধারণা দিয়েছেন তাঁরা। আইসিসি থেকে পাওয়া বিসিবির রাজস্বের বর্তমান অঙ্কটাও নাকি বেড়ে প্রায় দ্বিগুণ হবে।
নিজেদের ‘স্বার্থ রক্ষার্থে’ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশও যোগ দিয়েছে বিগ থ্রির ছাতার নিচে। তবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড একজোট হয়ে প্রস্তাবপত্রের বিপক্ষে। এ যেন ‘তিনে’র বিপক্ষে ‘তিনে’র লড়াই। একদিকে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আরেক দিকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সংশোধিত প্রস্তাবপত্রের বিরুদ্ধে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা একজোট—এটা আগেই সবার জানা। শ্রীলঙ্কা তো পরশু এই প্রস্তাবপত্রের আইনি ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছে।
কাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে বলেছেন, আইসিসির সভায় বসার আগে প্রস্তাবপত্রের বিরুদ্ধে থাকা বাকি দুই দেশের বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সভায় বসবেন। বিগ থ্রির প্রস্তাবের বিরুদ্ধে এই তিন বোর্ডের আন্তরিক ঐক্য চান পিসিবি-প্রধান। তবে আইসিসির একটি সূত্রের দাবি, পাকিস্তান না এলেও বাকি দুই দেশ তাদের অবস্থান থেকে শেষ পর্যন্ত সরে আসতে পারে। পিসিবি তাদের দেশে সফরের ব্যাপারে বিসিসিআইয়ের কাছে লিখিত প্রতিশ্রুতি চায়। কিন্তু বিসিসিআই তা দিতে রাজি নয়।
দুবাইয়ে হওয়া আইসিসির গত সভায় আলোচনা-পর্যালোচনার পর বেশ কিছু পরিবর্তন আনা হয় বিগ থ্রির প্রস্তাবপত্রে। সেসব পরিবর্তনের ওপর ভিত্তি করে ঠিক করা হয় নয়টি নীতিমালা। আজকের সভায় ওই নীতিমালার ওপরই আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা। আর আজই সবকিছুর মীমাংসা না হলে আইসিসির সভা গড়াতে পারে আগামীকাল পর্যন্ত। কোনো বিষয়ে সর্বসম্মত মত পাওয়া না গেলে সিদ্ধান্ত হবে ভোটাভুটির মাধ্যমে। গঠনতান্ত্রিক প্রস্তাবগুলো পাস করতে আইসিসির পূর্ণ ১০ সদস্যের মধ্যে অন্তত আট সদস্যের ভোট পেতে হবে। তবে আট ভোট পেলেই যে সব অনুমোদন হয়ে যাবে তা নয়, সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী জুনে আইসিসির বার্ষিক সভায় তুলতে হবে বিশেষ সভায় পাস হওয়া বিষয়গুলো। আর যেসব বিষয় বার্ষিক সভা ছাড়া বোর্ডের রেজল্যুশনের মাধ্যমেই সিদ্ধান্ত হবে, সেগুলো অনুমোদনের জন্য ভোট পেতে হবে কমপক্ষে সাতটি।
বিগ থ্রির প্রস্তাব অনুমোদিত হলে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ এক অর্থে চলে যাবে ওই বড় তিন ক্রিকেট বোর্ডের হাতে। অর্থেরও সিংহভাগ তারাই পাবে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ছাড়াও বিশ্ব ক্রিকেটের অনেকেই বিগ থ্রির এই প্রস্তাবের বিরুদ্ধে। দ্য টেলিগ্রাফ-এর কাছে ইংল্যান্ড ও ওয়েলসের সাবেক লর্ড চিফ জাস্টিস উলফ বলেছেন, এটা বিশ্ব ক্রিকেটের ভবিষ্যতের জন্য হুমকি, ‘এটা তিনজনের একটা ছোট্ট জোটকে অস্বাভাবিক রকমের ক্ষমতা দিয়ে দেবে। বাকিদের কিছু বলার বা করার কোনো ক্ষমতাই থাকবে না। আন্তর্জাতিক ক্রিকেটকে এ ধরনের একটা প্রস্তাব কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা বোঝা আসলেই কঠিন।’