সিঙ্গাপুরে সিদ্দিকুরের মিশ্র দিন
সাংহাই ওপেনে বিশ্বসেরাদের সঙ্গে খেলার সুযোগ শেষ পর্যন্ত হয়নি। অপেক্ষমাণ তালিকা থেকে প্রতিযোগিতায় সুযোগ পাওয়া হয়নি সিদ্দিকুর রহমানের। সে দুঃখ খানিকটা হলেও ভুলতে পারছেন কাল থেকে শুরু হওয়া সিঙ্গাপুর ওপেনে। বিশ্বের তিন নম্বর খেলোয়াড় জার্মানির মার্টিন কেমার, চারবারের মেজরজয়ী ফিল মাইকেলসন, ভারতের গলফ তারকা জীব মিলখা সিংদের এই টুর্নামেন্টে সঙ্গী হিসেবে পাচ্ছেন সিদ্দিকুর।অবশ্য প্রথম দিনটা সিদ্দিকুরের খুব ভালো কাটেনি। দিনের শুরুর হোলেই পারের চেয়ে এক শট বেশি লেগে গেছে। পরে নবম হোলেও খেলেছেন এক শট বেশি। তবে শেষ পর্যন্ত ৬টি হোলে পারের চেয়ে এক শট করে কম খেলে দিন শেষ করেছেন ৬৭ শটে; মানে পারের চেয়ে ৪ শট কম।পারের চেয়ে ৮ শট কম খেলেছেন ক্রিস উড, কিম বি-ও এবং গাসিও গারিডো। সিদ্দিক আছেন সেরা ২৫-এ, একই অবস্থানে আছেন মাইকেলসনও। তবে প্রথম দিনে অন্তত তিনি এগিয়ে আছেন কেমার বা জীবের চেয়ে। পারের চেয়ে ২ শট কম খেলে এই দুই তারকা আছেন সেরা ৫৬-তে।চার রাউন্ডের খেলায় সিদ্দিকুরের সামনে ভালো সুযোগ আছে শীর্ষ দশে ঢোকার। ৬০ লাখ মার্কিন ডলার পুরস্কার মূল্যের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবেন ১০ লাখ মার্কিন ডলার। তথ্যসূত্র: ওয়েবসাইট।