সিঙ্গাপুরে সিদ্দিকুরের শিরোপা-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের মতো একটা দিন পার করলেন সিদ্দিকুর রহমান। এ বছর ঠিক কবে কোন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে লিডারবোর্ডে সবার ওপরে নিজের নামটা দেখেছিলেন, তা বোধ হয় সিদ্দিকুরেরও মনে নেই। সিঙ্গাপুরের ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে সিদ্দিকুর সবার ওপরে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। পারের চেয়ে দুই শট কম খেলে সিদ্দিকুরের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে মালয়েশিয়ার নিকোলাস ফাং।
চেনা ছন্দে গত দুই বছরে খুব কম সময়ই দেখা গেছে সিদ্দিকুরকে। পিঠের ব্যথাটাই প্রায় সময়ই বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও গত সপ্তাহে দিল্লিতে শেষ হওয়া প্যানাসনিক ওপেনে যুগ্মভাবে রানারআপ হয়ে বলেছিলেন, ‘এই ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই সিঙ্গাপুরেও।’ তা সিঙ্গাপুরের টুর্নামেন্টে কথা রেখে চলেছেন সিদ্দিকুর। এখানে ৭১ হোলের কোর্সে মানিয়ে নেওয়াটা কঠিন হলেও কাল অন্যদের চেয়ে অনেক ভালো খেলেছেন। বার্ডি করেছেন পাঁচটি, তবে বগিও হয়েছে তিনটি।
দিন শেষে নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিদ্দিকুর। এশিয়ান ট্যুর গলফের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কাল বলেছেন, ‘গত দুই দিন পারের সমান খেলার পর আজ পারের চেয়ে কম খেলেছি, এটা ভেবেই ভালো লাগছে। আজ খেলাটা দারুণ উপভোগ করেছি। অনেক ভালো সুযোগ পেয়েছি এবং সেটা কাজে লাগানোর চেষ্টা করে খেলায় ফিরেছি।’ চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে তুলতে হলে আসল কাজটা করতে হবে আজই, সেটা ভালো করেই জানেন সিদ্দিকুর, ‘এই কোর্সে খেলা সহজ নয়। এখানে আপনাকে ধৈর্য ধরে খেলতে হবে। কাল (আজ) আমাকে লড়তে হবে শারীরিক ও মানসিকভাবে।’