সিজারের বিদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজার
সিজার

জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলে বিধস্ত ব্রাজিল। পরশু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হার। এবার হল্যান্ডের কাছে ৩-০। হুলিও সিজারের জন্য এই দুটি ম্যাচ কেটেছে দুঃস্বপ্নের মতো। অথচ চিলির বিপক্ষে দলকে টাইব্রেকারে জয় এনে দিয়ে নায়ক হয়ে যান হুলিও সিজার। সেই সিজারকেই এখন মানতে হচ্ছে ব্রাজিলের হয়ে তাঁর ক্যারিয়ার শেষ।
বয়স একটা বড় কারণ। এখন চলছে ৩৪। সব দিক ভেবেই সিজার বলছেন, ‘এটিই হয়তো আমার শেষ বিশ্বকাপ। আগামী বছর কোপা আমেরিকা আছে। ৩৫ বছর বয়সে কোপায় খেলার চিন্তাটা হবে খানিক জটিল।’
২০১৮ বিশ্বকাপে সিজারের খেলা হবে না এটা নিশ্চিতই। এমন অবস্থায় আগামী বছরের কোপা আমেরিকায় খেলার চিন্তা করা ভালো শোনায় না বলছেন তিনি নিজেই। সিজার কোপায় খেললে নতুন কেউ সুযোগ নাও পেতে পারেন।
সেটা মাথায় রেখেই অভিজ্ঞ এই গোলরক্ষকের কথা, ‘২০১৮-তে বিশ্বকাপ খেলতে পারব না জেনেও কোপা আমেরিকায় খেলা আমার জন্য স্বার্থপরতা হবে। অন্য কারও দায়িত্ব নেওয়ার সময় হয়েছে। ব্রাজিলে সাত-আটজন গোলরক্ষক আছে যারা জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার যোগ্যতা রাখে।’ সঙ্গে যোগ করেছেন, ‘এটা ব্রাজিল ফুটবলের জন্য দুঃখজনক সময়। আমি মনে করি, সবকিছু ভুলে থাকা এবং বিশ্রাম নেওয়ার এটাই ভালো সময়।’
রিও ডি জেনিরোও থেকে উঠে এসে সাফল্যের শিখরে পৌঁছান, কিন্তু শেষটা এমন বাজেভাবে হবে সিজার নিজেও কখনো ভাবতে পারেননি। এটাই আসলে খেলোয়াড়ের জীবন। ক্যারিয়ারে কখন কী ঘটবে কেউ জানে না! এএফপি।