সিটি-চেলসি লড়াই আর মিলান ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্তো মানচিনির ভাগ্যাকাশে সংশয়ের কালো মেঘ জমতে শুরু করেছে। সেটা আরও গাঢ় হবে, যদি আজ ম্যানচেস্টার সিটি হেরে যায় চেলসির কাছে। আজ হারলে শিরোপা ধরে রাখার স্বপ্নটা বলতে গেলে শেষই হয়ে যাবে। পয়েন্ট তালিকা অন্তত বলছে সে কথাই। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ১২ পয়েন্টে এগিয়ে ছিল আগেই। গতকাল রাতে কিউপিআরের বিপক্ষে ২-০ গোলে জিতে অ্যালেক্স ফার্গুসনের দল এগিয়ে গেছে ১৫ পয়েন্টে। গোল করেছেন রাফায়েল ও রায়ান গিগস। আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। এ অবস্থায় আরেকটি হার মানেই সিটির স্বপ্ন কার্যত শেষ! মানচিনির দল চেলসির বিপক্ষে জয়ের ছক কষেই নামছে মাঠে। কিন্তু যাদের মুখোমুখি হচ্ছে, সেই চেলসির লক্ষ্য সিটিকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পাওয়া। ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকছে ইতালিতেও। ইতালিতে আজ মিলান ডার্বি। সান সিরোতে মুখোমুখি দুই প্রতিবেশী, চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও এসি মিলান। শিরোপা লড়াইয়ে টিকে থাকার প্রশ্নে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাজেভাবে মৌসুম শুরুর পরও মিলান পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে। শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে ১১ আর দুইয়ে থাকা নাপোলির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে। আজ জিতলে তাই মিলান শিরোপা লড়াইয়ে টিকে থাকবে ভালোভাবেই। ৪৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ইন্টারের জন্যও সমীকরণটা প্রায় একই রকম। তবে নেরাজ্জুরিদের আপাতলক্ষ্য নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে অন্তত চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে ফেরা।ইন্টার পারবে ফর্মের তুঙ্গে থাকা মিলানের টুঁটি চেপে ধরতে? এ মুহূর্তে মিলানের আত্মবিশ্বাস উত্তুঙ্গে। ‘মিলান ডার্বি’তে তারা নামছে বার্সেলোনাকে হারানোর টাটকা অনুপ্রেরণা নিয়ে। মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি যেমন বলছেন, ‘আমাদের খুব দূরে তাকাতে হবে না। ইন্টারের মুখোমুখি হতে আমাদের ব্যাটারিটা শুধু রিচার্জ করতে হবে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বাধা, যা আমাদের অতিক্রম করতে হবে।’ সাম্প্রতিক ইতিহাস কিন্তু ইন্টারের হয়েই কথা বলে। লিগে দুই দলের সর্বশেষ তিন সাক্ষাতেই জিতেছে ইন্টার। এই মৌসুমেও প্রথম লেগে ইন্টার জিতেছিল ১-০ গোলে। কোচ আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনি আশাবাদী এবারও।মিলান ডার্বির মতো আগুনের স্ফুলিঙ্গ ছড়াবে ইত্তিহাদ স্টেডিয়ামেও। নিজেদের মাঠে সিটিই ফেবারিট। এই মৌসুমে ঘরের মাঠে তাদের হার মাত্র একবার। তা ছাড়া দুই দলের সর্বশেষ আট ম্যাচের ছয়টিতেই জিতেছে স্বাগতিক দল! তবে সিটি লিগে গত তিন ম্যাচে জয়হীন, সর্বশেষ ম্যাচে সাউদাম্পটনের কাছে পেয়েছে ৩-১ গোলে হারের লজ্জা। এফএ কাপে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জিতে হতাশা কিছুটা কমেছে। সার্জিও আগুয়েরো অনুপ্রেরণা বানাচ্ছেন ওই জয়টাকেই। চেলসির প্রাথমিক লক্ষ্য ৪ পয়েন্ট এগিয়ে থাকা সিটিকে ধরে ফেলা। সিটিকে ‘গ্রেট দলের’ সম্মান দিয়ে চেলসির অন্তর্বর্তী কোচ রাফা বেনিতেজ বলছেন, ‘ম্যাচে জয়টাই আমাদের অগ্রাধিকার। যদি জিততে পারি, আমরা খুব কাছে চলে যাব।’ এএফপি।