সিটি-চেলসি ‘ফাইনাল’ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির আশার প্রদীপ তাও টিমটিম করে জ্বলছে, চেলসিরটা নিভে গেছে অনেক আগেই। আজ এফএ কাপের সেমিফাইনালটা দুই দলের জন্যই যেন অঘোষিত ‘ফাইনাল’। ফাইনালই বটে, কারণ অন্য সেমিফাইনালের দুই দল উইগান ও মিলওয়াল। কাল মিলওয়ালকে ২-০ গোলে হারিয়ে প্রাথমবারের মতো ফাইনালে উইগান। সিটি-চেলসি থাকতে তাই উইগান শিরোপা জিতলে ইংলিশ ফুটবলই ইতিহাসের অন্যতম সেরা অঘটন দেখবে।তবে চেলসিকে এফএ কাপে এড়িয়ে যেতে চাইবে যেকোনো দলই। লিগে যেমনই হোক, এই ট্রফিটা নীল দল একরকম নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে। গত ছয় বছরে এই ট্রফিটা তারা জিতেছে চারবার। কোচ রাফায়েল বেনিতেজও ২০০৬ সালে এই ট্রফিটা জিতিয়েছিলেন লিভারপুলকে। আজকের ফাইনালটা সিটি কোচ রবার্তো মানচিনির জন্য তাই মোটেই সহজ হবে না।অবশ্য মুখোমুখি হওয়ার আগে দুই দলেরই আত্মবিশ্বাসের কমতি নেই। ফর্মটা ভালোই যাচ্ছে তাদের। নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে গত সপ্তাহে লিগে হারানোর পর সিটির দারুণ আত্মবিশ্বাসী থাকারই কথা। চেলসিও আছে ফুরফরে মেজাজে, দুদিন আগেই ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে রুবিন কাজানকে হারিয়ে সেরে রেখেছে প্রস্তুতি। দুই দলের শেষ সাক্ষাতে সিটিই অবশ্য হেসেছিল শেষ হাসি। গত ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে চেলসিকে হারিয়েছিল ২-০ গোলে। রাফায়েল বেনিতেজ সেটা মনে রেখেই নিজেদের সেরাটা ঢেলে দিতে বলছেন, ‘আমরা জানি, কাজটা হবে কঠিন। বড় একটা প্রতিযোগিতার সেমিফাইনাল এটা। আমরা জানি লিগে ওদের (সিটি) সঙ্গে আমরা কী ভুল করেছিলাম। আমাদের নিশ্চিত করতে হবে সেই ভুলগুলো আর করব না আমরা। আরও সামনে যেতে চাইলে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’দুই বছর আগে এফএ কাপ জিতিয়ে সিটির ৩৫ বছরের শিরোপা-খরার অবসান ঘটিয়েছিলেন মানচিনিই। বাস্তবতা এই, এ বছর সিটির জেতার আছে শুধু এই ট্রফিটাই। এটা নিয়েই ভাবছেন তাই মানচিনি, ‘প্রতিটি ট্রফিই প্রতিটি দলের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য আরও বেশি। কারণ এটাই আমাদের ফাইনালে যাওয়ার ও তিন বছরের মধ্যে দুবার ট্রফিটা জেতার সুযোগ।’ ইতালিয়ান কোচের দুশ্চিন্তা একটাই, চোটের কারণে হয়তো ডেভিড সিলভাকে পাবেন না আজ। ইউনাইটেডের বিপক্ষেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন এই স্প্যানিশ প্লেমেকার, ফিটনেস ফিরে পেতে চালিয়ে যাচ্ছেন লড়াই। এএফপি।