সিটি-লিভারপুলের মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল পয়েন্ট তালিকার শীর্ষে। আরেক দল মাত্র ১ পয়েন্ট কম নিয়ে তিনে। এক দলের অতীতটা সমৃদ্ধ। আরেক দলের প্রচণ্ড টাকার জোর। এমন দুটি দল মুখোমুখি হলে জমাট লড়াই হতে বাধ্য। আজ লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচটা আগুনের স্ফুলিঙ্গ ছড়াবে বলেই আভাস।
ইউরোপিয়ান ফুটবলে এখন বড়দিনের ছুটির আমেজ। ব্যতিক্রম ইংলিশ প্রিমিয়ার লিগ। গতকাল বড়দিন পালন করে আজই ইংলিশ লিগের খেলোয়াড়দের নেমে পড়তে হচ্ছে মাঠে। বক্সিং ডেতে মাঠে নামবে লিগের ২০টি দলই। তবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটাই। এক ও তিনের লড়াই বলে কথা!
একসময় লিভারপুলই ছিল ইংল্যান্ডের সফলতম দল। তিন বছর আগেও সবচেয়ে বেশিবার লিগ জয়ের রেকর্ডটি ছিল লিভারপুলের দখলেই। যদিও ১৮টি লিগ শিরোপার সর্বশেষটি লিভারপুল জিতেছিল ১৯৮৯-৯০ মৌসুমে। সেই থেকেই অলরেডরা নিজেদের হারিয়ে খুঁজছে। দুই দশকেরও বেশি সময় পর এবার আবার অ্যানফিল্ডে শিরোপার হাতছানি। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তবে কোচ ব্রেন্ডান রজার্স এখনই অত দূর ভাবতে চান না। তাঁর আপাতত লক্ষ্য শীর্ষে থেকে বছরটা শেষ করা।
লিভারপুল কোচ এটাও ভালো করেই জানেন, তাঁর এই লক্ষ্য পূরণ করাটাও খুবই কঠিন হবে। আজই যেমন তাদের পড়তে হচ্ছে ম্যানচেস্টার সিটি নামক দৈত্যের সামনে। ম্যাচটা সিটির ঘরের মাঠ ইতিহাদে, যেখানে আগের ৮ ম্যাচেই জিতেছে সিটি। এই ৮ ম্যাচে তারা গোল করেছে ৩৫টি! বিপরীতে খেয়েছে মোটে ৫টি গোল। সিটির দুর্গে গিয়ে প্রতিপক্ষ দলগুলোর জন্য গোল করা কতটা কঠিন, রজার্সের অজানা থাকার কথা নয়। তার মধ্যে লিভারপুল কোচ চোটের জন্য দলে পাচ্ছেন না অধিনায়ক জেরার্ড, ফরোয়ার্ড স্টারিজ ও এনরিককে। তাতে কী, সুয়ারেজ আছেন না? সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির ভয় লিগে সর্বোচ্চ ১৯ গোল করা সুয়ারেজকে নিয়েই, ‘লিভারপুল খুবই ভালো দল এবং এই মুহূর্তে সুয়ারেজ দুর্দান্ত ফর্মে।’ সুয়ারেজের পাল্টা জবাব হতে পারতেন যিনি, সিটির হয়ে সর্বোচ্চ গোল করা সেই সার্জিও আগুয়েরো চোটের কারণে ছিটকে পড়েছেন আগেই। তবুও পেলেগ্রিনি আশাবাদী।
লিভারপুল হারলে আর্সেনালের সুযোগ থাকবে আবার শীর্ষে ওঠার। লিভারপুলের সমান ৩৬ পয়েন্ট হলেও আর্সেনাল দুইয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায়। আর্সেন ওয়েঙ্গার দল যাচ্ছে নগরপ্রতিদ্বন্দ্বী ওয়েস্ট হামের মাঠে। ৩৪ পয়েন্ট নিয়ে চারে থাকা চেলসি নিজেদের মাঠে খেলবে সোয়ানসি সিটির সঙ্গে। আর ম্যানচেস্টার ইউনাইটেড যাচ্ছে হাল সিটির মাঠে। এএফপি।