সিটিকে আবারও ফার্গির তির
টাকা দিলে বাঘের দুধ মিলুক আর না-ই মিলুক, ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি কিন্তু মেলে! রোমান আব্রামোভিচের সৌজন্যে সেটি প্রমাণ করেছে চেলসি। এবার আরব শেখদের সৌজন্যে ম্যানচেস্টার সিটিও। টাকা ছড়িয়ে সেরা খেলোয়াড়দের নিয়ে দল গড়া শিরোপা জেতার সহজতম রাস্তা। যদিও অ্যালেক্স ফার্গুসন মনে করেন, সেই রাস্তা শেষ পর্যন্ত কানাগলিই। চেলসির উত্থানে তাই তিনি ভীত হননি, নগর-প্রতিদ্বন্দ্বীদের লিগ শিরোপা জয়েও চিন্তিত নন।ইউনাইটেড সমর্থকদের একটা অংশ এখন মনে করতেই পারে, সিটির ‘উত্থান’ ঠেকাতে ফার্গুসনেরও উচিত দলের শক্তি বাড়ানো। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর তো ওই পর্যায়ের বড় কোনো তারকাকে দলে টানেনি রেড ডেভিলরা। তবে নিজের এই দলের ওপরই আস্থা রেখে ফার্গুসন বলছেন, বড় ধরনের ওলট-পালটের কোনো প্রয়োজন নেই। ম্যানচেস্টার ইউনাইটেড তরুণ প্রতিভাদের খুঁজে এনে তাদের ওপর বিনিয়োগ করে, প্রশিক্ষণ দিয়ে বড় করে তোলে। ‘রেডিমেড’ খেলোয়াড়দের কেনার বদলে এই নীতিতেই তিনি অটল থাকতে চান।ম্যানইউয়ের বর্ষসেরা খেলোয়াড়ের নৈশভোজে ফার্গি বলেছেন, ‘আমরা জানি, সিটি অঢেল টাকা ঢালবে। বোকার মতো টাকা দেবে, হাস্যকর অঙ্কের বেতন দেবে। কিন্তু আমরা এমনটা করতে পারি না।’ তারকার বদলে তারুণ্যে বিনিয়োগই একটি ক্লাবের দীর্ঘমেয়াদি সুরক্ষার নিশ্চয়তা। ফার্গুসন তাই বলছেন, ‘আমরা অন্য ক্লাবের মতো নই, যারা প্রমাণিত খেলোয়াড়দের ওপর বিনিয়োগ করবে। আমরা সেসব খেলোয়াড়দের ওপর বিনিয়োগ করি, যারা দীর্ঘমেয়াদে ক্লাবের সঙ্গে থাকবে, ক্লাবের চরিত্র ধরে রাখবে ও সমর্থকদের জন্য রোমাঞ্চ এনে দেবে। আমরা এই কাজেই ভালো, আমরা তাই এটাই করে যাব।’২০০৫ সালের পর এই প্রথম কোনো মৌসুম একেবারেই খালি হাতে শেষ করল ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবটি। যে কারণে মেনে নিতে হচ্ছে বড় অঙ্কের আর্থিক ক্ষতিও। এবারের দলবদলের বাজারেও বড় বাজেট নিয়ে নামছে না ইউনাইটেড। ফার্গুসন বলছেন, ‘আমরা শুধু নির্দিষ্ট ধরনের খেলোয়াড়দেরই দলে নিতে চাই। আমরা চাই সেই খেলোয়াড়দের বিকাশটা আমাদের এখানেই হোক। আমি এখানে ২৫ বছর ধরে আছি। দলকে সেই পর্যায়ে রাখতে সব সময় আমাকে একটা মান রক্ষা করতে চলতে হয়।’ সিটি যে শেষ পর্যন্ত গোল ব্যবধানে জিতেছে, না হলে পয়েন্ট যে তাদের সিটিরই সমান, সেটাও মনে করিয়ে দিয়েছেন ম্যানইউ কোচ, ‘কার্যত আমাদের কোনো সমস্যা নেই। জানি কেউ কেউ সমালোচনা করবেই। কিন্তু আমরা ৮৯ পয়েন্ট পেয়েছি।’ এএফপি।