সিটিকে নিউক্যাসলের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাতেই অ্যালান পারডিউয়ের মুঠোফোনে রবার্তো মানচিনি কোনো বার্তা পাঠাতেই পারেন। বার্তাটা হতে পারে ধন্যবাদজ্ঞাপক, ‘বড়দিনের বিলম্বিত উপহার দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।’তা নিউক্যাসল কোচ কী এমন উপহার দিলেন ম্যানচেস্টার সিটির কোচকে? উত্তর: ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে দেওয়া! আগের ম্যাচে পুঁচকে ব্ল্যাকবার্নের কাছে হারার পর পরশু রাতে এমন একটা ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। আর ম্যানচেস্টার ইউনাইটেডের এই পরাজয়ে সবচেয়ে লাভ হলো সিটির। পরিষ্কার তিন পয়েন্টে এগিয়ে গেল তারা। ম্যাচটাই না শেষে শিরোপানির্ধারক হয়ে দাঁড়ায়!ম্যাচে গোলের প্রথম সুযোগটা কিন্তু ম্যানইউই তৈরি করেছিল। কিন্তু ১৫ মিনিটে দিমিতার বারবেতভের হেড পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায় বাইরে। তখনো বোঝা যায়নি ভাগ্যদেবী কী পরিহাস করছে ম্যানইউকে নিয়ে। খানিক বাদে নিউক্যাসলের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি হাওয়ার্ড ওয়েব। অবশেষে ৩৩ মিনিটে দুর্দান্ত ভলি থেকে প্রথম গোল এনে দেন ডেমবা বা। ইয়োহান কাবায়ের দ্বিতীয় গোলের পর সর্বনাশের চূড়ান্ত হয় শেষ মুহূর্তে ফিল জোন্সের আত্মঘাতী গোলে।কোচের নিষেধাজ্ঞা অমান্য করে ব্ল্যাকবার্ন ম্যাচের আগের রাতে দুজন সতীর্থকে নিয়ে সস্ত্রীক ডিনারে যাওয়ার শাস্তি হিসেবে এক ম্যাচ বসে থাকতে হয়েছিল ওয়েইন রুনিকে। পরশু দলে ফিরেও রুনি ছিলেন প্রায় না-থাকার মতোই। অবশ্য তাঁর একটা শট প্রায় গোললাইন থেকে ফিরিয়েছেন নিউক্যাসল গোলরক্ষক। পুরো ম্যাচে বলার মতো রুনির ওই একটাই নিষ্ফল অবদান।এই পরাজয়ের প্রভাব হয়তো এফএ কাপের তৃতীয় রাউন্ডে ‘ম্যানচেস্টার ডার্বি’তেও থাকবে। তবে অ্যালেক্স ফার্গুসন কিন্তু এখনো আত্মবিশ্বাসী, ৪৪ বছর ধরে লিগ শিরোপা জেতার অপেক্ষা সিটির শিগগিরই ঘুচবে না, ‘হ্যাঁ, এতে সিটির জন্য সুবিধা হয়ে গেল। কিন্তু আমাদের জন্য ইতিবাচক হলো, দলের অনেক খেলোয়াড় একাদশে ফিরেছে। এটা হয়তো পার্থক্য গড়ে দেবে। এই সময়টা আতঙ্কিত হওয়ার নয়। এটা সামলে নেওয়ার মতো ধৈর্য ও অভিজ্ঞতা দুটিই আমাদের আছে।’ এএফপি।