পাঁচ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে পরিবর্তন এল। ম্যানচেস্টার ইউনাইটেডের পেছনে পড়ে গেল ম্যানচেস্টার সিটি। কাল ওয়েইন রুনির জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে ম্যানইউ। এই রাউন্ডের আগে ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকা সিটি ০-১ গোলে হেরে গেছে সোয়ানসির কাছে। ২৮ ম্যাচে ইউনাইটেডের ৬৭ ও সিটির ৬৬ পয়েন্ট।৩৬ মিনিটে প্রথম গোল করার পর ৭১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন রুনি। সিটি হেরেছে ৮৩ মিনিটে লুক মুরের একমাত্র গোলে। এর আগে পরশু দিদিয়ের দ্রগবা পেয়েছেন প্রিমিয়ার লিগে নিজের ১০০তম গোল। তাঁর একমাত্র গোলেই জিতেছে চেলসি। ভিলাস-বোয়াসের বিদায়ের পর লিগে চেলসি জয় পেল দুটি ম্যাচেই। এই জয়ে ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে চেলসি। তৃতীয় স্থানের দল টটেনহাম ১-০ গোলে হেরে গেছে এভারটনের কাছে। সান্ডারল্যান্ডের কাছে একই ব্যবধানে হেরে সপ্তম স্থানে লিভারপুল।সিরি ‘আ’তে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে এসি মিলান। কাল ঘরের মাঠে আন্তোনিও নোসেরিনো ও জ্লাতান ইব্রাহিমোভিচের দুই অর্ধের দুই গোলে লেচ্চেকে হারিয়ে জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ৪ করেছে মিলান। জুভেন্টাসের দুর্ভাগ্য, তিন তিনবার পোস্ট ও একবার রেফারি বঞ্চিত করেছেন তাদের গোল থেকে। ফলে জেনোয়ার সঙ্গে ০-০ গোলে ড্র করেই ফিরতে হয়েছে তাদের। গত সাত ম্যাচের ছয়টিতেই ড্র করল সিরি ‘আ’র সবচেয়ে সফল দলটি।জার্মান বুন্দেসলিগায় তৃতীয় হ্যাটট্রিক করেছেন মারিও গোমেজ। সঙ্গে আরিয়েন রোবেন দুটি, টনি ক্রুস ও ফ্রাঙ্ক রিবেরি একটি করে গোল করেছেন। হফেনহেইমের বিপক্ষে গোল উৎসব করে বায়ার্ন মিউনিখ জিতেছে ৭-১ গোলে। অন্য ম্যাচে শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে গোলশূন্য রুখে দিয়েছে অগসবুর্গ। রয়টার্স।