সিটিকেই বিজয়ীর মালা দিচ্ছেন ফার্গুসন
চাইলে নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর পরশুই শিরোপা উৎসবটা করে ফেলতে পারত ম্যানচেস্টার সিটি! সমীকরণ অবশ্য অন্য কথা বলে। লিগে আরও একটি ম্যাচ বাকি। শিরোপা নিশ্চিত করতে সেই ম্যাচে সিটিকে জিততেই হবে। কিন্তু শেষ ম্যাচটি পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে থাকা কিউপিআরের বিপক্ষে বলে অনেকেই ম্যান সিটির হাতেই শিরোপা দেখছে। এমনকি অ্যালেক্স ফার্গুসনও শিরোপা দিয়ে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী সিটিকে। বলেছেন ‘সিটির দুই হাতই ট্রফিতে’।কিন্তু রবার্তো মানচিনি সেই দলে নেই। নিজ দলের খেলোয়াড়েরা যাতে আত্মতুষ্টিতে না ভোগে, তাই প্রথম থেকেই মানচিনি বলে আসছেন শিরোপার দৌড়ে তাঁরা ফেবারিট নন। যখন পাঁচ পয়েন্ট এগিয়ে ম্যানইউ, তখন তো তাদের গলাতেই বিজয়ীর মালা তুলে দিয়েছিলেন। যদিও এখন মানচিনি স্বীকার করেছেন, শিরোপা জয়ে তাঁর দল ফেবারিট, ‘সম্ভবত আমরাই এখন ফেবারিট।’ কিন্তু একই সঙ্গে দলকে সতর্কও করছেন সিটির ইতালিয়ান কোচ, ‘একটা ম্যাচেই পরিস্থিতি বদলে যেতে পারে। আমাদের মনোযোগটা ধরে রাখতে হবে, গত পাঁচ সপ্তাহ যেমন রেখেছিলাম।’ শেষ ম্যাচের প্রতিপক্ষ কিউপিআরকে মোটেও সহজ দেখছেন না মানচিনি, ‘শেষ দিনে আমাদের এখনো একটা কঠিন ম্যাচ খেলতে হবে কিউপিআরের বিপক্ষে। এটা সহজ হবে না। কারণ কিউপিআর অবনমন বাঁচাতে লড়ছে। আমরা যদি ভেবেই থাকি চ্যাম্পিয়নশিপ জিতে গেছি, সেটা হবে মস্ত এক ভুল। আমাদের সব খেলোয়াড়ের পা মাটিতে রাখতে হবে।’মাটিতেই পা রাখছেন নিউক্যাসলের বিপক্ষে জয়ের নায়ক ইয়া তোরেও। সাবেক বার্সেলোনা তারকা ফার্গুসনের কথার সূত্র ধরে বলছেন, শিরোপায় দুই হাত নয়, ‘একটা হাত’ পড়েছে তাঁদের, ‘আমি সব সময় ভাবতাম, একটা গল্পের জন্ম দিতেই এই ক্লাবে এসেছি আমি। এ মুহূর্তে আমাদের কাজ এখনো শেষ হয়নি। এটা গুরুত্বপূর্ণ যে জয়ের ধারা ধরে রাখতে হবে এবং সাহায্য করতে হবে সতীর্থদের।’ এএফপি।নিউক্যাসলের বিপক্ষে সিটির জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডও সোয়ানসি সিটিকে হারিয়েছে ২-০ গোলে। ফলে ৩৭ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান ৮৬। শেষ রাউন্ডের ম্যাচেও যদি ম্যান সিটি-ম্যানইউ দুই দলেরই পয়েন্ট সমান থাকে, তাহলে শিরোপা নির্ধারণ করবে গোল ব্যবধান। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি কখনো গোল ব্যবধানে হয়নি। এবার এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর এখানেই এগিয়ে সিটি। প্রতিদ্বন্দ্বী ম্যানইউর চেয়ে তারা ৮ গোলে এগিয়ে। গোল ব্যবধানে পিছিয়ে থাকা ম্যানইউ সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে শেষ ম্যাচটি জিততে পারবে কি না এ নিয়েও অবশ্য সংশয় আছে। লিগে গত ১৫ বছরে ১৯ বারের সাক্ষাতে সান্ডারল্যান্ডকে কখনো হারাতে পারেনি ম্যানইউ! সবকিছু ভেবেই হয়তো ফার্গুসন শিরোপা আগেই দিয়ে দিচ্ছেন সিটিকে, ‘মানুষ এটা ধরেই নিয়েছে, সিটির দুই হাতই ট্রফিতে। অবশ্যই লিগটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে।’