সিটিতে চলছে আগুয়েরো-জাদু
চোট ছিটকে দিয়েছিল মাঠের বাইরে। খেলতে পারেননি কয়েকটি ম্যাচ। তবে তিনি যে বড় ম্যাচের খেলোয়াড়, মাঠে ফিরেই প্রমাণ করে চলেছেন সার্জিও আগুয়েরো। সাত দিনের মধ্যে দুটি ‘বড়’ ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি। দুটি জয়েই থাকল আগুয়েরোর ছোঁয়া। ৮ এপ্রিল ‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটির জয়সূচক গোলটি করেছিলেন তিনিই। গত পরশু এফএ কাপের সেমিফাইনালেও সিটির জয়ের নায়ক আগুয়েরো।সাম্প্রতিক সময়ে এফএ কাপটাকে যেন নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল চেলসি। সর্বশেষ ছয় মৌসুমের চারবারই এ শিরোপাটা তাদের ঘরে উঠেছে। পরশু সেই চেলসিকেই সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সিটি। জয়ে আগুয়েরোরই সবচেয়ে বড় অবদান। নিজে একটি গোল করেছেন, আরেকটি বানিয়ে দিয়েছেন। তিন মৌসুমে সিটি ফাইনালে উঠল দ্বিতীয়বারের মতো। এতে অন্তত একটি শিরোপা জিতে মৌসুম শেষ করার সম্ভাবনাটা তাদের থাকল।লিগে নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ১৫ পয়েন্টে। লিগের আশা তাই ছেড়েই দিয়েছেন কোচ রবার্তো মানচিনি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া সিটি ইউরোপা লিগেও হোঁচট খেয়েছে। লিগ কাপেও ব্যর্থ। এফএ কাপের শিরোপাটা হতে পারে সান্ত্বনার প্রলেপ। আগামী ১১ মে ওয়েম্বলির ফাইনালে তাদের প্রতিপক্ষ লিগের অবনমন এলাকার দল উইগান অ্যাথলেটিকস। আগের দিন যারা দ্বিতীয় বিভাগের দল মিলওয়ালকে ২-০ গোলে হারিয়ে উঠেছে ফাইনালে ।দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অসাধারণ এক হেডে দলের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো। এর আগে সামির নাসরির গোলটিও বানিয়ে দেন তিনিই। ৬৬ মিনিটে ডেম্বা বার গোল চেলসিকে ম্যাচে ফেরালেও সমতা ফেরাতে পারেনি। ম্যাচ শেষে মানচিনির কথা, ‘জয়টা আমাদের প্রাপ্য।’ চেলসি কোচ রাফায়েল বেনিতেজ ধুয়ে দিয়েছেন রেফারিকে। বলেছেন, অন্তত দুটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে, যার একটি ছিল পরিষ্কার পেনাল্টি। সিটি অধিনায়ক ভিনসেন্ট কম্পানি ফার্নান্দো তোরেসকে ফেলে দিলেও পেনাল্টি দেননি রেফারি। বেনিতেজের কথা, ‘হ্যাঁ, এটা ছিল পরিষ্কার পেনাল্টি।’ এ ছাড়া আগুয়েরো ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে ভয়ংকর ট্যাকল করলেও রেফারি কার্ড দেননি। বেনিতেজ বলছেন, ‘ওটা ছিল লাল কার্ড।’ ডেভিড লুইজ ওই ট্যাকলের জন্য ক্ষমা চাইতে বলেছেন আগুয়েরোকে। এএফপি।