সিটিতে নায়ক সেই তেভেজ
গ্রীষ্মের দলবদলের শেষ ২৪ ঘণ্টায় ম্যানচেস্টার সিটি ঢেলেছে তিন কোটি ৭০ লাখ পাউন্ড। শক্তি বাড়িয়েছে গার্সিয়া, সিনক্লেয়ার, নাস্তাসিচ, মাইকনদের মতো খেলোয়াড়দের দলে টেনে। পরশুর ম্যাচে এই নবাগতরা অবশ্য দর্শকই ছিলেন। তাঁদের সাক্ষী বানিয়ে সিটির বিজয় কেতন ওড়ালেন সেই পুরোনোরাই।তাঁদের মধ্যে প্রথমেই বলতে হয় কার্লোস তেভেজের কথা। এক বছর আগের সেই বিতর্ককে মাটি চাপা দিয়ে তেভেজ হয়ে উঠছেন ম্যানচেস্টার সিটির প্রধান হাতিয়ার। আর ২৬ দিন পরই কোচ রবার্তো মানচিনির সঙ্গে তেভেজের সেই দ্বন্দ্বের এক বছর পূর্তি। তার আগে মাঠে নেমে আগুন ঝরাচ্ছেন আর্জেন্টাইন তারকা। পরশুই যেমন কিউপিআরের বিপক্ষে দলের ৩-০ গোলের জয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার করেছেন শেষ গোলটি। এ নিয়ে নতুন মৌসুমে সিটির চার ম্যাচেই গোল করলেন তেভেজ। চেলসির বিপক্ষে কমিউনিটি শিল্ডের পর লিগের তিন ম্যাচেই গোল। শুরু থেকে শেষ—পুরো কিউপিআর ম্যাচেই তেভেজ ছিলেন দুর্দান্ত। ম্যাচসেরার পুরস্কার এরই স্বীকৃতি।পরশুর ম্যাচটা ছিল সিটির কোচ হিসেবে মানচিনির শততম লিগ ম্যাচ। কোচের মাইলফলক ম্যাচটি রঙিন হয়েছে তেভেজ, ইয়া তোরে ও এডিন জেকোর গোলে।১৬ মিনিটে তোরে সিটিকে এগিয়ে দেওয়ার পর ৫৯ মিনিটে কিউপিআরকে সমতায় ফেরান ববি জামোরা। তাদের এই আনন্দ অবশ্য দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৬১ মিনিটে সিটিকে আবার এগিয়ে দেন জেকো। শেষ যোগ হওয়া সময়ে জয় নিশ্চিত করেন তেভেজ। দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন, তবে জয়ে খুশি মানচিনি, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। কিন্তু এ মুহূর্তে একটা সমস্যা আমাদের থেকেই যাচ্ছে—সুযোগ পেয়েও আমরা গোল করতে পারছি না, এটি ম্যাচ বদলে দিতে পারে। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলতে পারিনি। আমরা ছিলাম খুবই ধীর। কিন্তু শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পাওয়াটাই গুরুত্বপূর্ণ।’আন্দ্রে ভিলাস-বোয়াসের অবস্থা ঠিক উল্টো। দলের উন্নতির দিকেই চাতক চোখে তাকাতে হচ্ছে টটেনহামের নতুন কোচকে। ইংলিশ ফুটবলের নিষ্ঠুর দিকটা পর্তুগিজ কোচ দেখেছেন গত মৌসুমেই। চেলসি থেকে বরখাস্ত হওয়া ভিলাস-বোয়াসের টটেনহামে শুরুটা হলো আরও ভয়াবহ। তিন ম্যাচে জয় নেই। নিউক্যাসলের কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু। নিজেদের মাঠে টানা দুই ম্যাচ ড্র করল টটেনহাম—ওয়েস্টব্রম ম্যাচের পর পরশু নরউইচের বিপক্ষেও (১-১)।ওদিকে ওয়েস্ট হামের হয়ে অভিষেকেই অ্যান্ডি ক্যারলের তিক্ত-মধুর দুই রকম অভিজ্ঞতাই হলো। অভিষেকেই গোল পেয়েছেন, ফুলহামের বিপক্ষে দলও জিতেছে ৩-০ গোলে। কিন্তু এর মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডের স্ট্রাইকারকে। হ্যামস্ট্রিংয়ের চোট ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ তাঁকে খেলতে দিচ্ছে না। রয়টার্স ও এএফপি।