সিটিতে নিজের ভাস্কর্য গড়ে স্পেনে ফিরলেন সিলভা
ম্যানচেস্টার সিটির ইতিহাসটাই উত্থান-পতনে ভরা।
আজ থেকে এক যুগ আগেও সিটির কিংবদন্তি হিসেবে মানা হতো রিচার্ড ডান, শন রাইট ফিলিপস কিংবা জোয়ি বারটনদের। সময়ের ব্যবধানে আজ সিটি মাঝারি সারির ইংলিশ ক্লাব থেকে ইউরোপের অন্যতম পরাশক্তি। সিটির কিংবদন্তি এখন ভিনসেন্ট কম্পানি, ডেভিড সিলভা, সার্জিও আগুয়েরো কিংবা ইয়াইয়া তোরেরা। গত দশ বছরে সিটির যত সাফল্য, সব এসেছে এই চারজনের হাত ধরেই।
সিটিও ক্লাবের এসব স্বর্ণ সন্তানদের তাই প্রতিদান দিচ্ছে দুহাত ভরে। কিছুদিন আগে জানা গিয়েছিল, সাবেক অধিনায়ক বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কম্পানির নামে সিটির মাঠ ইতিহাদের বাইরে ভাস্কর্য বানানো হবে। এখন জানা গেল, শুধু কম্পানিই নয়, ভাস্কর্য বানানো হবে ক্লাবের স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভারও। যে ডেভিড সিলভা এর মধ্যেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে পাড়ি জমিয়েছেন নিজের দেশে, যোগ দিয়েছেন রিয়াল সোসিয়েদাদে।
আগেই জানিয়ে দিয়েছিলেন, সদ্য শেষ হওয়া মৌসুমে খেলেই সিটিকে বিদায় জানাবেন সিলভা। ক্লাবও তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছে। সিটির আকাশি জার্সি গায়ে বর্ণাঢ্য এক দশক কাটানোর পর সিলভার ফিরেছেন নিজের দেশে। যোগ দিয়েছে রিয়াল সোসিয়েদাদে। যে সিদ্ধান্তটা অনেকের কাছেই অবাক-করা বলে মনে হয়েছে। কারণ, ইতালিয়ান ক্লাব লাৎসিওর জার্সি গায়ে চড়াবেন, এমনটা মোটামুটি নিশ্চিত হয়েই ছিল। তিন বছরের চুক্তি, রাজধানী রোমের কেন্দ্রস্থলে নিজের বাড়ি—সিলভাকে সবকিছু দেওয়ার জন্যই রাজি ছিল লাৎসিও। শারীরিক পরীক্ষা কবে হবে, সে তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু নিজের দেশে ফেরার আবেগের কাছে কিছুই পাত্তা দিলেন না শেষমেশ।
সোসিয়েদাদে নিজের পছন্দের ২১ নম্বর জার্সি গায়ে চড়াবেন সিলভা। যে জার্সি গত মৌসুমে সোসিয়েদাদের হয়ে পরেছিলেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলে যাওয়া ড্যানিশ মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ওডেগার্ডকে এবার রিয়াল নিজেরাই ব্যবহার করবে। সে জার্সিটাই সিলভাকে দিয়ে দিল বাস্ক অঞ্চলের অন্যতম প্রধান এই দলটা।
তবে স্পেনে ফেররা আগে দুর্দান্ত এক সম্মান পেয়েছেন সিটির কাছ থেকে। কম্পানির মতো সিলভাও নিজের ভাস্কর্য পাচ্ছেন সিটির মাঠের বাইরে। ক্লাবের এই কিংবদন্তিকে সম্মান জানাতে এরই মধ্যে ইতিহাদের সামনে তাঁর ভাস্কর্য তৈরির ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি। ২০২১ সালে উন্মোচিত হবে সেই ভাস্কর্য। সিটির সভাপতি খালদুন আল মোবারক জানিয়েছেন, ইতিহাদ স্টেডিয়ামের বাইরে একটা ভাস্কর্য গড়া হবে সিলভার নামে। সেই সঙ্গে একটা অনুশীলন মাঠের নাম রাখা হবে তাঁর নামে।
ম্যানচেস্টার সিটিতে বর্ণাঢ্য দশ বছর কাটিয়েছেন সিলভা। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া থেকে ২০১০ সালে যোগ দেওয়ার পর সিটির হয়ে মোট ১৪টি শিরোপা জিতেছেন, এর মধ্যে আছে চারটি প্রিমিয়ার লিগ। ক্লাবের হয়ে ৪৩৪ ম্যাচ খেলেছেন, চ্যাম্পিয়নস লিগেও সিটির হয়ে সবচেয়ে বেশি ৭০টি ম্যাচ খেলার রেকর্ড সিলভার। অনেকের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের শ্রেষ্ঠতম স্প্যানিশ তারকা এই সিলভা।