সিটিতে ফিরতে চান না রবিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ট্রান্সফারের রেকর্ড ভেঙে দিয়ে ম্যানচেস্টার সিটিতে আগমন। নতুন সংসার টেকেনি বেশি দিন। বরং ইংলিশ ক্লাবটির সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছিল দ্রুতই। শেষ পর্যন্ত রবিনহোকে সান্তোসে পাঠিয়ে দিয়েছিল ম্যানসিটি। নিজের পুরোনো ক্লাবে ফিরে গিয়ে ব্রাজিল স্ট্রাইকারও খুঁজে পেয়েছিলেন হারানো ফর্ম। নতুন মৌসুম শুরুর আগে সিটি তাই ফেরার নোটিশ দিয়েছে রবিনহোকে। কিন্তু এই স্ট্রাইকার আর ফিরতেই চাইছেন না ইংল্যান্ডে।সিটিতে আসলে তিনি খুশি মনে যোগ দেননি কখনোই। তাঁকে রিয়াল থেকে আনতে সোয়া চার কোটি ইউরো গুনেছে সিটি। কিন্তু এর আগে রবিনহো নিজে যেতে চেয়েছিলেন চেলসিতে। দরদামে বনিবনা না হওয়ায় চেলসির বদলে সিটির কাছেই তাঁকে বেচে দেয় রিয়াল। রবিনহো নিজে অবশ্য পরে সুর পাল্টে বলেছিলেন, সিটিতে তিনি এসেছেন ইতিহাস গড়তে। তা ছাড়া বন্ধু জো আর এলানোর সঙ্গে খেলতে পারবেন ভেবে তাঁর নাকি দারুণ লাগছে।মুখের কথা অবশ্য মাঠের খেলায় অনূদিত হয়েছে কমই। ভালো শুরু করেও লিগের প্রথম মৌসুমে ৩১ ম্যাচে ১৪ গোল। পরের মৌসুমে ১০ ম্যাচে গোলশূন্য রবিনহোকে শেষ পর্যন্ত ধারে সান্তোসেই পাঠিয়ে দিল সিটি। সেখানেই দুর্দান্ত খেলেছেন। রবিনহোর কিছু ঝলক দেখা গেছে গত বিশ্বকাপেও। কিন্তু সান্তোস থেকে সিটিতে ফেরার সময় ঘনিয়ে আসতেই ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার পরোক্ষে জানিয়ে দিলেন, এবারও খুশি মনে ফিরবেন না, ‘সান্তোসই আমার ঘর। আশা করি, আমি এখানেই থেকে যাব। কিন্তু আমার চাওয়া পূরণ হবে কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে ম্যানচেস্টার সিটির ওপর।’তা ছাড়া তাঁর সেই দুই বন্ধু জো আর এলানো আর এখন সিটিতে নেই। দুজনই চলে গেছেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ে। এলানো পাকাপাকিভাবে, জো ধারে। বন্ধুহীন পৃথিবীতে কী করে মানিয়ে নেবেন বন্ধুবৎসল রবিনহো! ওয়েবসাইট।সান্তোসের হয়ে কোপা ডো ব্রাসিলের ফাইনালের ফিরতি লেগ খেলার কথা আছে তাঁর। এরপর ১০ আগস্ট ব্রাজিলের একটা প্রীতি ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এ দুটি ম্যাচ শেষেই ম্যানচেস্টারে ফেরার কথা রবিনহোর। সান্তোসের হয়ে ফিরতি লেগটা তাই রবিনহোর জন্যও ‘ফাইনাল’। কিন্তু তাঁর মন্তব্য, ‘আশা করি, এটাই আমার শেষ ম্যাচ হয়ে যাবে না। জানি, ইংলিশদের সঙ্গে কোনো চুক্তি করা খুবই জটিল। কিন্তু সান্তোসের নেতাদের ওপর আমার আস্থা আছে। প্রিমিয়ার লিগে নয়, আমি আসলে ব্রাজিলেই খেলতে চাই।’