সিটিতে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ধরে এ দিনটার জন্যই ছিল অপেক্ষা। কাল ম্যানচেস্টার সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়েছে সিটির শিরোপা-উৎসব, বহু ইতিহাসের সাক্ষী আলবার্ট স্কয়ারে। কাকতালীয়ভাবে প্রায় একই সময়ে শহরের আরেক প্রান্তে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুম শেষের অ্যাওয়ার্ড ডিনার। হয়তো ভগ্নহূদয় আর ফ্যাকাশে হাসিতে রুনি-ফার্ডিনান্ডরা ভুলে থাকতে চাইছিলেন হলঘরের বাইরের শহরটাকে। ৪৪ বছর পর কাল আবার যে ম্যানচেস্টারের রং হলো আকাশি!সিটির কাছে ডার্বি ম্যাচে হারের পর স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, ‘ইউনাইটেডের প্রয়োজন এখন একটা মিরাকল।’ সেই কথাকেই নিজের তূণে ধারণ করে যেন ছুড়ে দিলেন সিটির অধিনায়ক ভিনসেন্ট কম্পানি, ‘ম্যানচেস্টারেই একটা মিরাকল হয়েছে, তবে এবার পথের এই প্রান্তে! এটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত, কিন্তু দয়া করে এভাবে আর কখনো চাই না! গোটা মৌসুমে আমরা ছিলাম অবিশ্বাস্য, বিশেষ করে ঘরের মাঠে। আজ (পরশু) কেন জানি পারছিলাম না, তবে আমি কখনোই বিশ্বাস ছাড়িনি। আগেও আমরা শেষ মুহূর্তে ফিরে এসেছি, এক মুহূর্তের জন্যও তাই বিশ্বাস হারাইনি।’বিশ্বাসটা কিন্তু হারিয়ে ফেলেছিলেন পাবলো জাবালেতা। মৌসুমের একমাত্র গোলটা করেছিলেন শেষ ম্যাচেই, ওই গোলেই এগিয়ে গিয়েছিল দল। কিন্তু দুটি গোল দিয়ে সবাইকে চমকে দেয় কুইন্স পার্ক রেঞ্জার্স। দ্বিতীয় গোলটি করেছে তাও ১০ জনের দলে পরিণত হওয়ার পর! আর্জেন্টাইন ডিফেন্ডার জাবালেতা নিজেদের জয়টাকেই বিশ্বাস করতে পারছিলেন না, ‘২-১ হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে ভেবেছিলাম, আমাদের আশা শেষ। এ মুহূর্তে আমি স্বপ্নের জগতে আছি এবং মোটেও জেগে উঠতে চাই না।’বিশ্বাস করতে পারছিলেন না সার্জিও আগুয়েরোও। ৪৫ মিলিয়ন ইউরোতে অনেক আশা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাঁকে এনেছিল সিটি। আর্জেন্টাইন স্ট্রাইকার প্রতিজ্ঞা করেছিলেন, ‘সিটির গৌরব ফিরিয়ে আনতে আমৃত্যু লড়বেন।’ স্বপ্ন যখন মৃত্যুর পথে, বাঁচালেন সেই আগুয়েরোই। শিরোপা এনে দেওয়া গোলটি করেও আগুয়েরো যেন বিশ্বাস করতে পারছিলেন না, ‘আমরা ভেবেছিলাম, প্রিমিয়ার লিগ স্বপ্ন শেষ। স্রষ্টাকে ধন্যবাদ, সেটা হয়নি। শেষ ৫ মিনিটে ২ গোল, অবিশ্বাস্য!’সামির নাসরির উচ্ছ্বাসটা যেন একটু বেশিই। দলের অর্জনের সঙ্গে সঙ্গে নিজেকেও যে নিজের কাছে সঠিক প্রমাণ করলেন! আর্সেনাল ছেড়ে আসায় গানারদের কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয়েছে। ফ্রেঞ্চ তারকা এবার দিলেন জবাব, ‘এভাবে দুটি গোল করা, ৯৪ মিনিটে শিরোপা নিশ্চিত—এমন কিছু আমার জীবনে দেখিনি। এখন আমি জানি যে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। আজ আমি সতীর্থ, বন্ধু, পরিবার সবার সঙ্গে উদ্যাপন করব। কাল তাদের (সংশয়বাদীদের) পাঠাব বার্তা।’১৯৬৮ সালে সিটির সর্বশেষ শিরোপা জয়ে বড় অবদান ছিল মাইক সামারবির। ৭০ ছুঁই-ছুঁই বয়সে এতটা উত্তেজনা যেন নিতে পারছিলেন না সাবেক ফরোয়ার্ড, ‘অবিশ্বাস্য, এমন চিত্রনাট্য কেউ লিখতে পারে না। ভেবেছিলাম, আমাদের আশা শেষ। হঠাৎই সব পাল্টে গেল। এই বয়সে এত কিছু সহ্য করা আমার জন্য কঠিন!’ ওই দলে সামারবির ফরোয়ার্ড জুটি ফ্রান্সিস লি মুগ্ধ উত্তরসূরিদের দেখে, ‘আমার মনে হয়, আমরা নতুন একদল কিংবদন্তি পেয়ে গেছি। কিংবদন্তি ক্লাব থেকে আমরা এখন অবসর নিয়ে পায়ের ওপর পা তুলে বসে ওদের দেখতে পারি!’ এএফপি, রয়টার্স।