সিটিতেই থাকছেন বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক উল্টো একটা আবহ। মারিও বালোতেল্লিকে নিয়ে সমালোচনা নয়, সবাই এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত ইতালীয় এই স্ট্রাইকার নিজের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাদপ্রদীপের সব আলো নিজের করে নিয়েছেন।বালোতেল্লির জোড়া গোলে গত বৃহস্পতিবার জার্মানিকে হারিয়ে ইউরোর ফাইনালে উঠে গেছে ইতালি। ওই ম্যাচের পরই বালোতেল্লির প্রতি আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠায় বিশ্বের বিভিন্ন ক্লাব। তবে ইতালীয় এই স্ট্রাইকারের এজেন্ট মারিও রায়োলা জানিয়ে দিয়েছেন, বালোতেল্লি আপাতত কোথাও যাবেন না—ম্যানচেস্টার সিটিতেই থাকবেন।বালোতেল্লিকে পেতে একের পর এক প্রস্তাব আসছে স্বীকার করে রেডিও মন্টে কার্লোকে দেওয়া সাক্ষাত্কারে রায়োলা বলেন, ‘বৃহস্পতিবার থেকে চীন, যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও অন্য অনেক দেশ থেকে প্রস্তাব পেয়েছি, যাদের আমি চিনি না।’রায়োলা মনে করেন, ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো অনেককিছু করার রয়েছে বালোতেল্লির। তাই ম্যানসিটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না। রায়োলা বলেন, ‘নিজের পছন্দেই অটল থাকবেন বালোতেল্লি। ইংল্যান্ডে আরও তিন-চার বছর থাকতে চাই আমরা।’২১ বছর বয়সী স্ট্রাইকার বালোতেল্লির সামনে এখন গোল্ডেন বুটের হাতছানি। ইউরোর গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত গোলের পর পরশু দুটি। সমান তিন গোল করা সব খেলোয়াড় এরই মধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। ইউরো ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে কাল রোববার অনুষ্ঠেয় ফাইনালে একটি গোল করতে পারলেই সোনার বুট তাঁর একার!এবারের ইউরোতে অবশ্য মোটেই ধারাবাহিক ছিলেন না বালাতোল্লি। এই দুর্দান্ত খেলছেন তো পরক্ষণেই হাস্যকর শট নিচ্ছেন। প্রথম দুই ম্যাচ বাজে খেলে বাদ পড়লেন। বেঞ্চ থেকে উঠে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে করলেন দুর্দান্ত এক গোল। ইংল্যান্ডের বিপক্ষে আবারও যাচ্ছেতাই। পেনাল্টি-শুটআউটে শট নিলেন জোর করে। খারাপ কিছু অবশ্য ঘটেনি। ওই শটে এগিয়ে দেন দলকে। আর পরশু তো তিনি ছিলেন অবিশ্বাস্য।