সিটিতেই থিতু তেভেজ
এসি মিলান তাঁকে দলে পেতে চাচ্ছে। মিলান সভাপতি সিলভিও বার্লুসকোনি জানিয়েছেন তাঁকে পেতে কাড়ি কাড়ি টাকা খরচ করতেও রাজি তিনি। কিন্তু ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা বলেছেন, সিটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা আপাতত তাঁর নেই। সিটিতেই নিজেকে থিতু মনে করছেন তিনি।২৮ বছর বয়সী এই প্লে-মেকার গত মৌসুমে একটা কঠিন সময়ই কাটিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। কোচ রবার্তো মানচিনির সঙ্গে বিরোধের জের ধরে তিন মাস আর্জেন্টিনাতে কাটিয়ে এসেছিলেন তিনি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটি ম্যাচে মানচিনির নির্দেশনা অনুযায়ী ওয়ার্ম আপ না করাতেই বিরোধের শুরু। একটা সময় মনে হচ্ছিল, তেভেজের ম্যানচেস্টার সিটির অধ্যায় বুঝি শেষই হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত সব বিরোধ মিটিয়ে তেভেজ ম্যানচেস্টারে ফেরেন এবং সিটির প্রথম ইংলিশ প্রিমিয়ারশিপ জয়ে অসামান্য অবদান রাখেন।এই মুহূর্তে সেই সুখস্মৃতি হূদয়ে ধারণ করতে চান কার্লোস তেভেজ। এই মৌসুমেও দলকে উপহার দিতে চান আরও একটি শিরোপা। আপাতত সিটিকে নিয়ে পরিকল্পনা তাঁর এটিই। গত মৌসুমে নিজের আচরণের জন্য যেন কিছুটা প্রায়শ্চিত্তই করতে চান তিনি। নিজের এই ইচ্ছার কথা টুইটারে ক্লাব সমর্থকদের নিয়ে আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে জানিয়ে দিয়েছেন তিনি।‘এই মৌসুমে আমার কিছু লক্ষ্য আছে। আমি মনে করি, এই মুহূর্তে সিটিতে আমি থিতু এবং এখানে থাকতে আমার ভালোই লাগছে। বলেছেন তেভেজ।’তেভেজ আরও বলেন, আমি প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছি। তাঁর মতে, প্রতিটি খেলোয়াড়েরই লক্ষ্য থাকে ক্লাবের হয়ে লিগ শিরোপা জেতা এবং সেই শিরোপা ধরে রাখা। এবার চ্যাম্পিয়নস লিগেও আমাদের যতটা সম্ভব ভালো করতে হবে। তেভেজের কথাতে আপাতত আশ্বস্তই হতে পারে তাঁর ক্লাব।