সিটিতেই মন বাঁধা আগুয়েরোর
শ্বশুরমশায় সেই কবে থেকে বলে আসছেন, ‘ম্যানচেস্টার সিটিতে গিয়ে ভুল করেছ। যত তাড়াতাড়ি পারো, রিয়াল মাদ্রিদে চলে যাও।’ রিয়াল নাকি তাঁর ব্যাপারে আগ্রহীও। তবে ডিয়েগো ম্যারাডোনার পরামর্শ আর রিয়াল মাদ্রিদের আগ্রহ কোনোটাকেই আপাতত গুরুত্ব দিলেন না সার্জিও আগুয়েরো। সিটির হয়ে অভিষেক মৌসুমেই ৩০ গোল করা এই আর্জেন্টাইন স্ট্রাইকার বলেছেন, এই ক্লাবই তাঁর ঠিকানা। ‘আমার ভবিষ্যৎ ম্যান সিটিতেই। আমি এখানেই থেকে যেতে চাই। আমার চুক্তির এখনো চার বছর বাকি আছে। নিজেকে অন্তত ওই চার বছর এখানেই দেখতে চাই। গুঞ্জন সব সময়ই থাকবে। কিন্তু এর মধ্যে কোনো সত্য নেই। আমি রিয়াল মাদ্রিদ বা অন্য কোথাও যাওয়ার কথা ভাবছি না।’ দ্য টাইমসকে বলেছেন আগুয়েরো।গত বছর মাদ্রিদ থেকেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন আগুয়েরো। প্রথম মৌসুমেই জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। বলা যায়, তাঁর গোলেই দীর্ঘ খরা ঘুচিয়ে সাফল্যের বৃষ্টিতে ভিজেছে সিটি। এই ক্লাবের হয়ে সামনের দিনগুলোতে আরও সাফল্য পাবেন বলেই আত্মবিশ্বাসী এই ২৩ বছর বয়সী আগুয়েরো। এএফপি।