সিটির অনুশীলনে তেভেজ
আর্জেন্টিনা থেকে ম্যানচেস্টারে ফিরে এসেই কার্লোস তেভেজ ওড়াচ্ছেন যুদ্ধবিরতির সাদা পতাকা। বলছেন, মানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনির সঙ্গে দীর্ঘদিনের কলহ মিটিয়ে আবার খেলতে চান।কিন্তু হিসাব কি এত সহজইে মিলবে? দ্বন্দ্বের আগুনে নতুন করে ঘি ঢেলেই তেভেজ পা রেখেছেন ম্যানচেস্টারে। মানচিনিই প্রথম দিয়েছিলেন শান্তির ডাক। বলেছিলেন, ভুল স্বীকার করে তেভেজ ক্ষমা চাইলেই আবার খেলতে পারবেন। পরদিনই পাওয়া যায় তেভেজের প্রতিক্রিয়া। গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে কী ঘটেছিল, তেভেজ ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তার সবিস্তার বর্ণনা দিয়েছেন। তেভেজ যা বলেছেন তার সারমর্ম—তিনি নির্দোষ, ওই ঘটনার সব দায় কোচ মানচিনির। তেভেজের দাবি, ‘মানচিনি আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করেছেন।’মানচিনির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেভেজ এরই মধ্যে ম্যানচেস্টারে এসে পরশু অনুশীলনও করেছেন। ঘণ্টা খানেক অনুশীলনের পর করিয়েছেন ডাক্তারি পরীক্ষাও। তেভেজের চলে আসা এবং অনুশীলনে নেমে পড়াটাকে মানচিনি কীভাবে দেখছেন, জানা যায়নি। তবে তেভেজ-সতীর্থরা উচ্ছ্বসিত। গত রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যান সিটির জয়ের নায়ক জোলেয়ন লেসকট যেমন টুইটারে পোস্ট দিয়েছেন, ‘আমি বলতে পারি...কার্লোস, কোলো ও ইয়া (তোরে ভাইয়েরা ফিরেছেন আফ্রিকান নেশনস কাপ খেলে) ফিরে আসায় আমরা লক্ষ্যের দিকে এগোতে পারব, খেলোয়াড়েরা রোমাঞ্চিত।’আর তেভেজ? সিটির দরজায় দাঁড়িয়ে তাঁর কথা, ‘দলবদলের সব গুঞ্জনই সত্যি। কিন্তু ওসব সফল হয়নি। আমি তাই সিটিরই খেলোয়াড়।’ খেলবেন আশা করে ফিরে এলেও দলে এখন জায়গা পাওয়া কঠিন। জায়গার জন্য তেভেজকে লড়াই করতে হবে তাঁরই স্বদেশি এবং জাতীয় দলের সতীর্থ সার্জিও আগুয়েরোর সঙ্গে। এসব স্বীকার করেই লড়াইয়ের জন্য প্রস্তুত আর্জেন্টাইন তারকা। ওয়েবসাইট।