সিটির অস্বস্তি বাড়াল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লি যেন ফুটবলের এক অনন্ত প্রহেলিকার নাম। দলে থাকলে জন্ম দেন কোনো অঘটনের, না থাকলে করে বসেন কোনো কুকীর্তি। দলের বাইরে থেকেও বাকিদের ম্লান করে পাদপ্রদীপের আলোয় আসতে জানেন। ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনির মাথায় নতুন ব্যথা জাগিয়েছেন সুপার মারিও। আর্সেনালের সঙ্গে নিজেদের মাঠে গতকাল পয়েন্ট খুইয়েছে সিটি। ড্র করার পর মানচিনি এমনিতেই আছেন তোপের মুখে। তার ওপর তাঁকে পোহাতে হচ্ছে বালোতেল্লির হ্যাপা। পরশু নাকি খেলা শেষে মাঠ ছাড়ার সময় মানচিনিকে লক্ষ করে বিড়বিড় করে কিছু একটা বলেছিলেন ইতালিয়ান স্ট্রাইকার। ভালো কিছু যে নয়, সেটা না বললেও চলে। খেলেছেন মাত্র ছয় মিনিট। বালোতেল্লি প্রকাশ্যে কিছু বলেননি বটে, তবে ঠোঁট পড়তে পারলে কিছু তো উদ্ধার করা যাবেই। মানচিনি অবশ্য এটি এড়িয়ে যাওয়ার চেষ্টাই করেছেন, ‘আমি জানি না, কী হয়েছিল, সে আমাকে কিছু বলেছিল কি না সেটাও জানি না। তবে এটা এমন গুরুত্বপূর্ণ কিছু নয়।’ঘরের মাঠে ২ পয়েন্ট হারানো একটা ধাক্কা। এই নিয়ে গত সাতটি ম্যাচে নিজেদের রক্ষণ নিশ্ছিদ্র রাখতে ব্যর্থ হলো সিটি। একই সঙ্গে উঠেছে আরেকটা প্রশ্ন, এমিরেটসে কি আর্সেনাল-জুজু শুরু হয়ে গেল? গত মৌসুমে ঘরের মাঠে গানারদের কাছে হেরেছিল সিটি। সে ম্যাচে সিটির একজন আবার লাল কার্ডও দেখেছিলেন। অনুমান করতে পারছেন কে? আর কেউ নন, মারিও বালোতেল্লিই। সে কারণেই গতকাল প্রথম একাদশে হয়তো নামার সুযোগ পাননি। তবে ৪০ মিনিটের জোলেওন লেসকটের গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল দিনটা হয়তো তাদেরই। আর্সেনাল অনেক আক্রমণ করলেও কিছুটা ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর কিছুটা জো-হার্টের দুর্দান্ত গোলরক্ষণের কল্যাণে বারবারই গোলবঞ্চিত হচ্ছিল। অবশেষে ম্যাচ শেষের মাত্র আট মিনিট আগে আর্সেনালকে সমতায় ফেরান লরেন্ত কসিয়েলনি। এরপর ম্যাচটা আর গোলের দেখা পায়নি। চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন সার্জিও আগুয়েরোর, কিন্তু নিষপ্রভই ছিলেন ম্যারাডোনার জামাতা। ছড়িটা ঘুরিয়েছে বরং আর্সেনাল। গানারদের স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কাজোরলা তো ছিলেন ম্যাচের সেরা। তাই আর্সেন ওয়েঙ্গারের হাসিটাই বেশি চওড়া, ‘আমি সন্তুষ্ট, কারণ কম করে হলেও একটা পয়েন্ট পাওনা ছিল আমাদের। আমাদের খেলা ও মনোভাব আমাকে খুশিই করেছে। তবে কিছুটা হতাশও, কারণ আরও ভালো করা যেত হয়তো।’ পাঁচ ম্যাচ শেষে সবার ওপরে থাকা চেলসির চেয়ে এখনো ৫ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। আর্সেনালও ৯ পয়েন্ট নিয়ে একই সমতলে, তবে তারা এগিয়ে আছে গোল-ব্যবধানে। নিজেদের মাঠে মৌসুমের প্রথম জয় পেয়েছে টটেনহাম। জার্মেইন ডিফোর জয়সূচক গোলে কিউপিআরকে ২-১ গোলে হারিয়েছে স্পাররা। এএফপি, রয়টার্স।