সিটির আগুনে পুড়ল ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লির বাড়িতে লাগা আগুন নিভিয়েছে দমকল বাহিনী। কিন্তু মনের ভেতরের যে আগুন ইতালিয়ান স্ট্রাইকার কাল ওল্ড ট্রাফোর্ডে জ্বালিয়ে দিলেন, তা নেভানোর সামর্থ্য অ্যালেক্স ফার্গুসনের দলের ছিল না। এ আগুনে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্গ পুড়ে ছারখার। ৬-১ গোলের হার, কালকের ওল্ড ট্রাফোর্ড তো পুড়ে ছাই-ই হয়েছে!তাঁর দৃষ্টিতে প্রতিবেশী ম্যান সিটি বড় হইচই করে। সিটির মুখটা থামানোর প্রতিশ্রুতি দিয়েই কাল অ্যালেক্স ফার্গুসন দল নামিয়েছিলেন মাঠে। ম্যাচ শেষে ফার্গুসনই যে নীরব হয়ে গেলেন! বালোতেল্লি, এডিন জেকো, আগুয়েরো, সিলভাদের সামনে ম্যানইউকে দেখা গেছে অসহায়! আর্সেনালকে ৮-২, চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানইউর এটাই ওল্ড ট্রাফোর্ডে প্রথম হার।ওল্ড ট্রাফোর্ডে এর আগেও ৬-১ গোলের জয়োৎসব করেছে ম্যান সিটি। সেটা অবশ্য ৮৫ বছর আগের ঘটনা, ১৯২৬ সালে। ১৯৫৫ সালে জিতেছিল ৫-০ ব্যবধানে। তবে ফার্গুসন-যুগে সিটি এর আগে ওল্ড ট্রাফোর্ডে জয় পেয়েছিল একবারই, ২০০৮ সালে ২-১ গোলে। এই জয়ে শীর্ষে থাকা সিটি ম্যানইউকে পেছনে ফেলল ৫ পয়েন্টে।সিটিকে ২২ মিনিটে প্রথম লিড এনে দেন ‘ব্যাডবয়’ বালোতেল্লি। ১-০-তে দ্বিতীয়ার্ধ শুরু করে সিটি। ৬০ মিনিটে এই বালোতেল্লিই ব্যবধান করেন ২-০। গোল করেই জার্সিটা টেনে মাথা ঢেকে ফেলেন তিনি। তবে মাথা লুকানো নয়, উদ্দেশ্য ছিল নিচের জার্সিটা নিন্দুকদের দেখানো, যাতে লেখা ‘সব সময়ই আমাকে কেন?’ ৪৭ মিনিটে জোনাথন ইভান্সের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া ম্যানইউকে আগুয়েরো তৃতীয় গোল দেন ৬৯ মিনিটে। মরিয়া ম্যানইউ খেলোয়াড়দের ওপরে উঠে আসার সুযোগে বাকি ৩ গোল শেষ তিন মিনিটে! জেকোও করেছেন জোড়া গোল। অন্যটি ডেভিড সিলভার। ১০ জনের দল হয়ে পড়া ম্যানইউর পক্ষে ফ্লেচার সান্ত্বনার গোলটি করেন ৮১ মিনিটে।সিটির ইতিহাস ছোঁয়ার দিনে কিউপিআরের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। এই মৌসুমে এটি তাদের দ্বিতীয় হার। আরেক ম্যাচে এমিরেটসে আর্সেন ওয়েঙ্গারের দল স্টোক সিটিকে হারিয়েছে ৩-১ গোলে। এ ম্যাচেও জোড়া গোল করেছেন অধিনায়ক রবিন ফন পার্সি।এদিকে সিরি ‘আ’তে এসি মিলান পেয়েছে অবিশ্বাস্য জয়। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক লেচ্চে। মিলানের আরেকটি পরাজয় তখন অনিবার্যই মনে হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে নিয়তি অন্যভাবে লিখে ফেলেন কেভিন প্রিন্স বোয়াটেং। ৮৩ মিনিটে ইয়েপেসের গোলে অবিশ্বাস্য জয় (৪-৩) নিয়েই ঘরে ফিরেছে মিলান। জেনোয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেও শীর্ষে জুভেন্টাস। ওয়েবসাইট।