
৪ ৩ ৭ ৬ ৩ ৬। একপলকে দেখে মনে হবে কোনো টেলিফোনের নম্বর। তবে ম্যানচেস্টার সিটিকে এই মৌসুমে অনুসরণ করে থাকলে নিশ্চয়ই ধরে ফেলেছেন ব্যাপারটা। এই সংখ্যাগুলো নিজেদের মাঠে সিটির গত ছয় ম্যাচে গোলসংখ্যা। আর্সেনালকে কাল গুনে গুনে ছয় গোল দিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। পুরো ম্যাচের স্কোরলাইন দেখলে ম্যাচটাকে অবশ্য টেনিসের একটা সেট ভেবে নিতে পারেন। ৬-৩ স্কোরলাইন তো ফুটবল মাঠে বেশি দেখা যায় না!
নয় গোলের ম্যাচটি শুরুতেই আভাস দিয়েছিল জমাট একটা প্রতিদ্বন্দ্বিতার। লিগের শীর্ষ দল আর্সেনাল, মৌসুমের সবচেয়ে ধারাবাহিকও তারা। পয়েন্ট তালিকায় সিটি দুই ধাপ পেছনে হতে পারে, কিন্তু ইতিহাদ স্টেডিয়ামে তারা এবার একরকম অপ্রতিরোধ্য। সেই ধারাটা বজায় থাকল কালও। আর্সেনালের (৩৫) সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও কমিয়ে তিনে আনল সিটি (৩২)। সিটির গোল উৎসবের শুরুটা করেন সার্জিও আগুয়েরো, ১৪ মিনিটে। এছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহো দুটি, একটি গোল করেছেন নেগ্রেদো, সিলভা ও ইয়া তোরে। তোরের গোলটি পেনাল্টি থেকে। আর্সেনালের হয়ে দুই গোল করেছেন চোট কাটিয়ে ফেরার পর প্রথম শুরুর একাদশে সুযোগ পাওয়া থিও ওয়ালকট, অন্যটি মার্টেসেকার।
আর্সেনালের হারের সুযোগটা কাজে লাগিয়েছে চেলসিও। ফার্নান্দো তোরেস ও রামিরেসের গোলে স্টামফোর্ড ব্রিজে হোসে মরিনহোর দল ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এভারটন ৪-১ গোলে হারিয়েছে ফুলহামকে।
এদিকে স্প্যানিশ লা লিগায় হোচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ওসাসুনা রিয়ালকে রুখে দিয়েছে ২-২ গোলে। অবশ্য এক পয়েন্ট পাওয়াটাকেও স্বস্তি হিসেবেই নিতে পারেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। রিয়েরা মাগেমের জোড়া গোলে ৩৯ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। আনচেলত্তির চোখে-মুখে শঙ্কার রেখাটা আরও গাঢ় হয় ৪৪ মিনিটে। দ্বিতীয় হলুদকার্ড পেয়ে মাঠ ছাড়েন সার্জিও রামোস। রিয়াল হয়ে পড়ে ১০ জনের দল। তবে রামোসের লালকার্ড যেন রিয়ালের জন্য বয়ে আনে সৌভাগ্য! পরের মিনিটেই ইসকোর গোলে ২-১। ৭৯ মিনিটে ওসাসুনার চিলিয়ান মিডফিল্ডার ফ্রান্সিস্কো সিলভাও মাঠ ছাড়েন দ্বিতীয় হলুদ কার্ড দেখে। মজার ব্যাপার হলো, পরের মিনিটেই আবার রিয়ালের গোল। সমতায় ফেরান পেপে। শেষ দিকে চেষ্টা করেও রিয়াল জয়সূচক গোলের দেখা পায়নি। ওয়েবসাইট।