সিটির ডার্বি জয়
সার্জিও অ্যাগুয়েরোর দারুণ এক গোলে কাল ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে সিটি। এই পরাজয় ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে মনে করিয়ে দিল শিরোপা জয়ের জন্য আরও কিছুটা পথ পাড়ি দেওয়ার বাকি আছে তাদের।ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটিরই। কালকের এ জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল। হাতে আরও সাতটি ম্যাচ রেখে ম্যানচেস্টার সিটি এ মুহূর্তে ইউনাইটেডের চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে। যদিও সিটির কোচ রবার্তো মানচিনি কিছুদিন আগেই ‘শিরোপার লড়াই শেষ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছিলেন। ম্যাচ শেষে কালও মানচিনি তাঁর পুরোনো মন্তব্যেরই পুনরাবৃত্তি করেছেন। বলেছেন, ‘শিরোপার লড়াই শেষই হয়ে গেছে। ওটা নিয়ে কথা বলে লাভ নেই। তবে ম্যানচেস্টার ইউনাইটেডর বিপক্ষে এই জয়টা সিটির সমর্থকদের প্রাপ্য ছিল। আমরা ১৫ পয়েন্টে পিছিয়ে ছিলাম (ইউনাইটেডের চেয়ে)। এই জয়ে তা থেকে তিন পয়েন্ট কমিয়ে নিয়ে আসা গেল।’তিনি বলেন, ‘এই জয়ে আমাদের দ্বিতীয় স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার সম্ভাবনা আরও পোক্ত হলো।’ম্যাচের শুরুটা ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ১০ মিনিট যেতে না যেতেই খেলায় ছন্দপতন ঘটতে শুরু করে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোল করেন জেমস মিলনার। সিটি এগিয়ে যাওয়ার আট মিনিটের মধ্যেই অবশ্য গোল করে খেলায় সমতা ফেরিয়ে আনে ইউনাইটেড। গোলটি অবশ্য ছিল আত্মঘাতী। ইউনাইটেড স্ট্রাইকার রবিন ফন পার্সির একটি ফ্রি-কিকের বল সিটির অধিনায়ক ভিনসেন্ট কম্পানির পায়ে লেগে গোলে চলে যায়। দুর্ভাগ্যজনক গোলটি হজমের পর ইউনাইটেডের ওপর চড়াও হয় সিটি। সামির নাসরি, জেমস মিলনার ও ডেভিড সিলভারা নষ্ট করেন বেশ কয়েকটি সুযোগ। রবিন ফন পার্সি কাল অতিবাহিত করলেন ইউনাইটেডের হয়ে গোলবিহীন টানা দশম ম্যাচ। ম্যাচের ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় সার্জিও অ্যাগুয়েরো গোল করে সিটির জয় নিশ্চিত করেন। সামির নাসরির পরিবর্তে অ্যাগুয়েরোকে নামানোর সিদ্ধান্তের কারণে মনে মনে গর্বিত হতেই পারেন।ম্যাচ শেষে হতাশ ফার্গুসন এখনই লিগ শিরোপা নিয়ে নিশ্চিন্ত হতে চান না। তিনি বলেন, ‘সব অঙ্ক সম্পন্ন না করে আমি এ বিষয় নিয়ে কথা বলব না।’ ফার্গুসন বলেন, ‘ইতিহাস বলে, ম্যানচেস্টার ইউনাইটেড অতীতে অনেকবারই নিজেদের শিরোপা জয়টা নিজেরাই কঠিন করেছে। এবার সেটা হতে দিতে চাই না।’ইউনাইটেড সমর্থকেরাও চান না এমন কিছু হোক !