সিটির তেভেজ জুভেন্টাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটি ছেড়েই দিচ্ছেন কার্লোস তেভেজ। ইতালিয়ান গণমাধ্যমে অন্তত সে রকমই আভাস। ইতালির প্রায় সব পত্রিকারই খবর, সিটি ছেড়ে আর্জেন্টাইন স্ট্রাইকার যোগ দিচ্ছেন জুভেন্টাসে। কথাবার্তা একরকম পাকা। এখন শুধু স্বাস্থ্যপরীক্ষা শেষে চুক্তিপত্রে সই করার অপেক্ষা।স্বাস্থ্যপরীক্ষার জন্য গতকাল ইংল্যান্ড থেকে ইতালিতে উড়েও গেছেন তেভেজ। খবর অনুযায়ী কাল ওটা হয়েও যাওয়ার কথা। ওটা হলে ধরেই নেওয়া যায়, তেভেজের চার বছরের সিটি-অধ্যায় বা সাত বছরের ইংল্যান্ড-অধ্যায়ের সমাপ্তি। ওয়েস্ট হামে নাম লিখিয়ে তেভেজ ইংল্যান্ডে পা রাখেন ২০০৬ সালে। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে। ইউনাইটেড থেকে ২০০৯ সালে পাঁচ বছরের চুক্তিতে যান সিটিতে। কিন্তু নানা বিতর্কে জড়িয়ে পড়া তেভেজ সিটি ছাড়তে চেয়েছেন অনেকবারই। ২০১১ সালের বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কোচ রবার্তো মানচিনির সঙ্গে আলোচিত সেই ঘটনাটির পর সিটিও তাঁকে ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু কোচের সঙ্গে ঝামেলা মিটমাট করে তেভেজ শেষ পর্যন্ত থেকে যান সিটিতেই। চার বছরে সিটির হয়ে ১৪৮ ম্যাচে করেছেন ৭৪ গোল। অধিনায়ক হিসেবে ২০১০-১১ মৌসুমে জিতিয়েছেন এফএ কাপ। ২০১১-১২ মৌসুমে ৪৪ বছর পর লিগ শিরোপা জয়েও রেখেছেন ভূমিকা। কিন্তু গত পরশু জুভেন্টাসের সঙ্গে বৈঠকে বসে সিটির নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি তেভেজকে ছেড়ে দিতে সম্মত হয়েছেন। জুভেন্টাসে তেভেজের তিন বছরের চুক্তিটা হবে এক কোটি ২০ লাখ পাউন্ডের। তবে সিটি নগদ পাবে ৯০ লাখ পাউন্ড। বাকি ৩০ লাখ পাউন্ড সিটি পাবে চুক্তির তিন বছরে শর্ত সাপেক্ষে। সিটির সঙ্গে তেভেজের চুক্তি বাকি ছিল আরও এক বছর। তাই জুভেন্টাসের সঙ্গে চুক্তি হলে তেভেজের সাপ্তাহিক বেতন-ভাতা মিলিয়ে সিটির বেঁচে যাবে দুই কোটি ৭০ লাখ পাউন্ড। ওয়েবসাইট।