সিটির দুর্গ ভাঙল ইউনাইটেড
পরশুর ডার্বির আগে প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে করেছিলেন ১৩ গোল। পরিপূর্ণ এক স্ট্রাইকারের জন্য পরিসংখ্যানটি খুব ভালো কিছু নয়। রবিন ফন পার্সিরও এতে মন ভরছিল না। আরও আরও গোল চান বলে জানিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ স্ট্রাইকার। তবে এই মুহূর্তে ফন পার্সির অন্য রকম আরেকটা তৃপ্তি আছে। নিজের প্রথম ম্যানচেস্টার ডার্বির যোগ করা সময়ে দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে জিতিয়ে দিয়েছেন ইউনাইটেডকে। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান সংহত করেছে ইউনাইটেড, সিটি আছে ৬ পয়েন্ট পেছনে। শুরুতে ওয়েইন রুনির দুই গোলে এগিয়ে যাওয়ার পর যখন ইউনাইটেডের জয়টাকেই মনে হচ্ছিল ভবিতব্য, সিটি দুই গোল করে ফিরে আসে দুর্দান্তভাবে। কিন্তু শেষ দিকে পার্সির ফ্রি-কিক নাসরির পায়ে লেগে ঢুকে যায় জালে। নগরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে এভাবে জয় নিয়ে এসে স্যার অ্যালেক্স ফার্গুসন যেন একটু বেশিই প্রগলভ, ‘এর চেয়ে নাটকীয় দিন আমি খুব বেশি দেখিনি। আজকের দিনটা আসলেই বিশেষ। কারণ সিটি দুই বছর ধরে নিজেদের মাঠে অপরাজিত ছিল।’ঘরের মাঠে এমন হারের পর মেজাজটাকে বশে রাখতে পারেননি সিটির কোচ রবার্তো মানচিনি। মারিও বালোতেল্লিকে নামিয়ে ফাটকা খেলার চেষ্টা কাজে লাগেনি। ৫২ মিনিটেই তুলে নিতে হয়েছে নিষপ্রভ এই স্ট্রাইকারকে। মানচিনি প্রচণ্ড ক্ষুব্ধ বালোতেল্লির ওপর, ‘মারিওর মাপের খেলোয়াড় যখন আপনার থাকবে, তখন আপনি বিশ্বাস করতে পারবেন না যে, সে তার মানটা ছুড়ে ফেলে দেবে।’” ডার্বিতে তুঙ্গস্পর্শী উত্তেজনা ছিল, ম্যাচের শেষদিকে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সিটির এক সমর্থক ধাতব মুদ্রা ছুড়ে মেরেছিল রিও ফার্ডিনান্ডকে লক্ষ্য করে। ইউনাইটেড ডিফেন্ডারের মুখে সেটা আঘাত করলে দরদর করে ঝরতে থাকে রক্ত। সিটি এই অঘটনের জন্য ক্ষমা চেয়েছে। দোষীকে খুঁজে বের করতে শুরু করেছে তদন্তও। পরে লিভারপুল মাঠে নেমেছিল নিষেধাজ্ঞার কবলে থাকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছাড়াই। কিন্তু শেষমেশ নবীন-পুরোনোদের কাঁধে চড়ে বৈতরণী পার হয়ে গেছে তারা। প্রথমে গোল করেও পিছিয়ে পড়ে লিভারপুল, জোঞ্জো শেলভির ৭৯ মিনিটের গোলেই পরে ওয়েস্ট হামকে হারায় তারা ৩-২ গোলে। জো কোল ও গ্লেন জনসন করেছেন অন্য দুটি গোল। ম্যাচ পাতানোর অভিযোগে চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ডাগ-আউটে। সিরি ‘আ’তে জুভেন্টাস কোচ অ্যান্তোনিও কন্তের প্রত্যাবর্তনটা মধুরই হয়েছে। পালের্মোকে ১-০ গোলে হারিয়ে শীর্ষেই আছে জুভেন্টাস। নাপোলিকে ২-১ গোলে হারিয়ে জুভেন্টাসের চার পয়েন্ট পেছনে আছে ইন্টার মিলান। ইন্টারের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান তুরিনোকে হারিয়েছে ৪-২ গোলে। এএফপি।