সিটির বাঁচা-মরার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ হলেই ফুটবলের দৈত্য হয়ে উঠতে চাওয়া ম্যানচেস্টার সিটিকে এমন অচেনা মনে হয় কেন? রবার্তো মানচিনি যে উত্তর দিয়েছেন তা বিস্ময়কর। সিটির ইতালিয়ান কোচের অসহায় স্বীকারোক্তি, চ্যাম্পিয়নস লিগের জন্য এখনো প্রস্তুত নয় ম্যানচেস্টার সিটি!বাস্তবতার কঠিন জমিতে দাঁড়িয়েই এই অমোঘ সত্যটা অকপটে উচ্চারণ করতে বাধ্য হয়েছেন মানচিনি। গত কয়েক বছরে দলবদলের বাজারে বস্তা বস্তা টাকা ঢেলে সিটি দলে বসিয়েছে তারকার মেলা। আজ হারলেই সিটির এই কোটি কোটি ডলার বিনিয়োগকে অপচয় মনে হবে। এ ম্যাচ হারলেই চ্যাম্পিয়নস লিগ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিতে হবে ইংলিশ চ্যাম্পিয়নদের। গতবারের মতোই!চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সিটিকে অগ্নিপরীক্ষা দিতে হবে আয়াক্স আমস্টারডামের কাছে। আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, এসি মিলানও। কিন্তু সিটির ইত্তিহাদ স্টেডিয়ামের ম্যাচ নিয়েই কৌতূহল থাকবে বেশি, কেননা ইংলিশ চ্যাম্পিয়নদের এটি বাঁচা-মরার লড়াই। প্রথম তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া সিটি ‘ডি’ গ্রুপে সবার নিচে। ৭ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ অব ডেথ’-এর শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের ৬ পয়েন্ট, ৩ পয়েন্ট নিয়ে আয়াক্স আছে তিনে।দুই সপ্তাহ আগে আয়াক্সের মাঠ থেকে ৩-১ গোলে হেরে ফিরেছিল মানচিনির দল। আবারও যখন সেই আয়াক্সের মুখোমুখি সিটি, তাদের সঙ্গী গত শনিবার ওয়েস্ট হামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশাও। মানচিনি বলেছেন নকআউট পর্বে যেতে হলে তাঁর দলকে করতে হবে ‘অলৌকিক’ কিছু, ‘আমার মনে হয় না আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য প্রস্তুত। যদি বলি আমরা এটা জেতার জন্য প্রস্তুত, সেটা মিথ্যা বলা হবে। এটা পরিষ্কার, চ্যাম্পিয়নস লিগে ফেব্রুয়ারি-মার্চে অবিশ্বাস্য কিছু ঘটতে পারে। কিন্তু আমরা এ বছর কঠিন গ্রুপে পড়েছি, ঠিক যেমনটা পড়েছিলাম গত বছর। যদি আমরা সামনের তিন ম্যাচই জিতি, সেটা হবে অসাধারণ...যেকোনো কিছুই ঘটতে পারে। কিন্তু পথটা অনেক লম্বা।’বার্নাব্যুতে আজ রিয়ালের প্রতিশোধের ম্যাচ। দুই সপ্তাহ আগে জার্মানি থেকে ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হেরে এসেছে মরিনহোর দল। আজ জিততে পারলে হারের জ্বালাটা তাদের মেটে। অতীত রিয়ালের পক্ষেই। নিজেদের মাঠে সর্বশেষ আটটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই জিতেছে রিয়াল। সর্বশেষ সাত ম্যাচে দলটি করেছে ২৭ গোল। অন্যদিকে স্পেনে এসে ৮ ম্যাচের একটিতেই মাত্র জিততে পেরেছে ডর্টমুন্ড, সেটাও সেই ১৯৯৬-৯৭ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পথে। শুধু তা-ই নয়, চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে ডর্টমুন্ডের সর্বশেষ জয়টিতেই ৯ বছরের ধুলো জমেছে। সর্বশেষ ২০০৩ সালে মিলানে গিয়ে তারা হারিয়েছিল এসি মিলানকে।সেই এসি মিলানের সামনেও আজ প্রতিশোধের সুযোগ। গত ২৩ অক্টোবর মালাগার মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে সাতবারের চ্যাম্পিয়নরা। আজ সান সিরোতে সেই মালাগাই তাদের অতিথি। তিন ম্যাচের পুরো ৯ পয়েন্ট তুলে ‘সি’ গ্রুপের শীর্ষে মালাগা। আজ জিতলে দুই ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলবে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে আসা স্প্যানিশ ক্লাবটি। এই স্বপ্ন নিয়েই ইতালিতে গেছে মালাগা। তবে শনিবার সিরি ‘আ’তে শিয়েভোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে মিলানও আত্মবিশ্বাসে জ্বালানি ভরে নিয়েছে।আর্সেনাল যাচ্ছে শালকে জিরো ফোরের মাঠে। নিজেদের মাঠে প্যারিস সেন্ট-জার্মেইয়ের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব। এএফপি, রয়টার্স।আজকের খেলা ডায়নামো কিয়েভ - পোর্তো পিএসজি - ডায়নামো জাগরেব শালকে - আর্সেনাল অলিম্পিয়াকোস - মঁপেলিয়ে আন্ডারলেখট - জেনিত এসি মিলান - মালাগা ম্যানচেস্টার সিটি - আয়াক্স রিয়াল মাদ্রিদ - ডর্টমুন্ড* স্বাগতিক দলের নাম আগে