সিটির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরাই চ্যাম্পিয়ন’—আগের রাতে ওয়েস্টহামের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর লিগ জয়ের ঘোষণাই একরকম দিয়ে রেখেছেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। ফার্গুসনের এই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন না ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনিও। তবে পরশু রাতে সান্ডারল্যান্ডের জয়ের পর ঠিক করে ফেলেছেন নতুন লক্ষ্য, মৌসুম শেষ করতে চান পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে।পরশু নিজেদের মাঠে সফরকারী সান্ডারল্যান্ডকে ম্যান সিটি উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। মৌসুমের বৃহত্তম জয়টি তারা পেয়েছে জনসন, তেভেজ, সিলভা, ভিয়েরা ও ইয়াইয়া তোরের গোলে। এই জয়ই আর্সেনালকে টপকে দ্বিতীয় স্থানের স্বপ্ন দেখাচ্ছে সিটির কোচ মানচিনিকে। যদিও সেটা এখনো অনেক দূরের পথ। এই জয়ে চেলসিকে টপকে তিন নম্বরে উঠে আসা ম্যান সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৫৬। একটি ম্যাচ কম খেলেই আর্সেনালের ৫৯। ৩০ ম্যাচে চেলসির পয়েন্ট ৫৫। ৩১ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ।এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে প্রথমে ০-২-তে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের দারুণ এক জয় পেয়েছে নাপোলি। উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি করেছেন হ্যাটট্রিক। শীর্ষে থাকা এসি মিলানের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলা নাপোলির পয়েন্ট ৬২। এসি মিলানের পয়েন্ট ৬৫। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের ৬০। তিন দলই খেলেছে ৩১টি করে ম্যাচ। এএফপি।