
ইউরোপ থেকে দুই রকম অভিজ্ঞতা নিয়ে ফিরেছে দুই দল। উড়তে থাকা বায়ার্ন মিউনিখকে তাদের মাঠেই হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে নেপলস থেকে হেরে ফিরেছে আর্সেনাল।
অভিজ্ঞতা দুই রকম হলেও একটা জায়গায় আবার মিল আছে দুই দলেরই। নিজে নিজ গ্রুপে রানার্সআপ হয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা পেয়েছে ম্যান সিটি ও আর্সেনাল। লিগের পয়েন্ট তালিকায় চোখে ফেরালে অবশ্য ইউরোপের সেই মিলের বদলে চোখে পড়বে দুই দলের ব্যবধান। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে চারে থাকা সিটি। ইস্টল্যান্ডে আজ হেরে গেলে এই ব্যবধান বেড়ে যাবে আরও, শিরোপা লড়াইয়ে পিছিয়ে যাবে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। সেটা চাইছেন না বলেই আর্সেনালের বিপক্ষে আজকের ম্যাচটা বাড়তি গুরুত্ব পাচ্ছে সিটি ডিফেন্ডার পাবলো জাবালেতার কাছে, ‘এই মৌসুমে ওরা (আর্সেনাল) এখন পর্যন্ত বেশ ধারাবাহিক। সে কারণেই ওরা শীর্ষে। কিন্তু আমরা নিজের মাঠে খেলব, যেখানে আমাদের রেকর্ড খুব ভালো। ব্যবধান কমানোর জন্য আমাদের তিনটি পয়েন্ট লাগবেই।’ সিটির ব্যবধান কমিয়ে আনার লক্ষ্য থাকবে বলেই ম্যাচটা নিয়ে খুব সতর্ক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও, ‘ওদের ওপর খুব চাপ থাকবে যাতে দুই দলের মধ্যে ৯ পয়েন্টের ব্যবধান না হয়ে যায়। তবে আমাদেরও বিশ্বাস আছে নিজেদের ওপর।’ সিটি-আর্সেনাল মহারণের দিন স্ট্যামফোর্ড ব্রিজে শিরোপাপ্রত্যাশী আরেক দল চেলসির প্রতিপক্ষ পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দুই নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেস।
একই রাতে স্প্যানিশ লিগে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠে দুই দলই আছে ফুরফুরে মেজাজে। সর্বশেষ ম্যাচে সেল্টিকের সঙ্গে ৬-১ গোলের বিশাল জয়টাকে বার্সা কোচ জেরার্ডো মার্টিনোও দেখছেন তাঁর অধীনে দলের সেরা পারফরম্যান্স হিসেবে। লিগে সর্বশেষ ম্যাচে বিলবাওয়ের কাছে হারের স্মৃতিটা ভুলতে ভিয়ারিয়ালের বিপক্ষে আজও এমন দুর্দান্ত পারফরম্যান্স চান মার্টিনো, ‘আমি আশা করছি ছেলেরা ওদের সেরাটাই দেখাবে।’
বার্সেলোনা ও অ্যাটলেটিকোর চেয়ে লিগে ৩ পয়েন্ট পিছিয়ে থাকলেও এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারের পর এখন পর্যন্ত ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ গোল দিয়েছে রিয়াল। এর ২১টিই করেছেন কার্লো আনচেলত্তির আক্রমণভাগের তিন খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর করিম বেনজেমা।
পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে থাকা ওসাসুনাকে নিয়ে আজ তাই খুব বেশি ভাবার দরকার নেই রিয়াল মাদ্রিদের! এটা যাঁরা ভাবছেন তাঁদের জন্য তথ্য—সর্বশেষ পাঁচ সাক্ষাতে ওসাসুনার মাঠ থেকে মাত্র একবার জয় নিয়ে ফিরতে পেরেছে রিয়াল। মাস দুয়েক আগে এই ওসাসুনাই ড্র করে পয়েন্ট নিয়েছে বার্সেলোনার কাছ থেকে। এএফপি।