সিটির শিরোপা-স্বপ্ন শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ লালিত স্বপ্নটা ধূসর হয়ে গেলে পরিস্থিতিটা কেমন হয়, দেখতে চাইলে ইস্টল্যান্ডে ঢুঁ মেরে আসতে পারেন! ম্যানচেস্টার শহরের পূর্ব পাশটায় এখন থমথমে নীরবতা। পরশু মাঠে নামার আগেও আশার প্রদীপটা জ্বলছিল মিটমিট করে। আর্সেনালের বিপক্ষে জিতলে আলোটা একটু উজ্জ্বল হতো। কিন্তু হেরে যাওয়ায় বাতিটা যেন প্রায় নিভেই গেল! কাগজে-কলমে সম্ভাবনা আছে। কিন্তু লিগের বাকি মাত্র ছয় ম্যাচ। এ অবস্থায় ৮ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে লড়াইয়ে ফেরাটা অসম্ভব! আর্সেনালের কাছে ০-১ গোলের হারে ম্যানচেস্টার সিটির ৪৪ বছর পর শিরোপা-স্বপ্নটা তাই কার্যত শেষ!প্রথমে নিজেদের মাঠে কিউপিআরকে ২-০ গোলে হারিয়ে পাঁচ পয়েন্ট থেকে ব্যবধান আট করে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেড। পরে সিটিকে হারিয়ে অ্যালেক্স ফার্গুসনকে আরেকটা সুসংবাদ দিয়েছে আর্সেনাল। এমিরেটসে ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। ৮৭ মিনিটে সিটির বুকে শেল বিঁধিয়ে দিয়েছেন মিকেল আরটেটা। এই জয়ে টটেনহামকে টপকে তিন নম্বরে উঠে গেছে আর্সেনাল।ম্যাচ শেষে হারের চেয়েও বড় হয়ে উঠেছে মারিও বালোতেল্লি প্রসঙ্গ। সিটির শিরোপা-স্বপ্ন ধাক্কা খাওয়ার ম্যাচ দিয়েই অনিশ্চিত হয়ে গেল ইতালিয়ান স্ট্রাইকারের ইস্টল্যান্ডের ভবিষ্যৎ। কোচ মানচিনি আগেই বলেছিলেন, বালোতেল্লির ওপর তিনি আস্থা রাখতে পারছেন না। আর্সেনাল ম্যাচে বালোতেল্লি ৯০ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়ায় সিটির ইতালিয়ান কোচের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মেজাজ হারিয়ে ফেলা বালোতেল্লি লালকার্ড পেতে পারতেন ২০ মিনিটেই। অ্যালেক্স সংয়ের হাঁটুতে চার্জ করলেও রেফারি মার্টিন অ্যাটকিনসনের দৃষ্টি এড়িয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, ভিডিও দেখে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বালোতেল্লিকে নিষিদ্ধ করতে পারেন। এফএর নিষেধাজ্ঞা অনুমান করতে পারছেন মানচিনিও। মানচিনির খাতায় অবশ্য আগেই লাল দাগ পড়েছে বালোতেল্লির নামে, ‘আমাদের আর ছয়টা ম্যাচ আছে। মৌসুমের বাকি সময়টায় সে আর খেলতে পারবে না।’ ‘দুষ্ট গরু’ বালোতেল্লিকে আর পালেই রাখতে রাজি নন মানচিনি। ইঙ্গিত দিয়েছেন আগামী মৌসুমেই তাঁকে বিক্রি করা হতে পারে। শিরোপা-দৌড় থেকে সিটি কার্যত ছিটকে পড়ায় ইস্টল্যান্ডে বালোতেল্লির সঙ্গে মানচিনির ভবিষ্যৎও অনিশ্চিত মনে করছেন অনেকে। তবে সিটি কোচ ক্লাব মালিক শেখ মনসুরের ওপর ‘নিশ্চিত, শতভাগ নিশ্চিত’ আস্থা নিয়ে বসে আছেন। হারের দুঃখ তো আছেই, জয়ের পর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার সিটিকে নিয়ে বিদ্রূপও করেছেন। আর্সেনাল থেকে সামির নাসরি, গায়েল ক্লিশি, কোলো তোরেদের ভাগিয়ে এনেছে সিটি। সেই আর্সেনালের কাছে হেরেই প্রায় শেষ হয়ে গেল সিটির শিরোপার আশা। ওয়েঙ্গার কৌতুক করে বলেছেন, সিটি হয়তো এখন আর্সেনালের অন্য খেলোয়াড়ের দিকে হাত বাড়াবে, ‘তারা সম্ভবত এখন অন্যদেরও চাইবে।’ রবিন ফন পার্সির সঙ্গে সিটিকে জড়িয়ে কিন্তু জোরালো আলোচনাই ভাসছে বাতাসে। এএফপি, রয়টার্স।