সিটির সাফল্যে ম্যারাডোনার আনন্দ
প্রায় অলৌকিকভাবে ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে পরমানন্দ পেয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। কারণটা অনুমেয়ই। সিটির এই জয়ের নায়ক তাঁর জামাতা সার্জিও আগুয়েরো। তাঁর প্রিয় শিষ্যদের একজন কার্লোস তেভেজও আছেন এই দলে।নির্ধারিত সময়ে কুইন্স পার্ক রেঞ্জার্স এগিয়ে ছিল ২-১ গোলে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এডিন জেকো সমতা ফেরানোর দুই মিনিট পর সিটির জয়সূচক গোলটি করেছেন আগুয়েরো। সেই সময়ের কথাই বলেছেন দুবাইতে আল ওয়াসল ক্লাবের কোচ, ‘একসময় আমি ম্যাচের স্কোর জানতে চাই। কিউপিআর তখন ২-১ গোলে এগিয়ে, আমি খুব আপসেট ছিলাম। অনুশীলন শেষ করে আমরা যখন ড্রেসিংরুমে, তখনই শুনলাম কী ঘটেছে। আমি আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়েছিলাম। আমি এতই খুশি ছিলাম যে, আকর্ণবিস্তৃত হাসছিলাম। আমার সমস্ত হূদয় দিয়েই খবরটা উপভোগ করেছি।’এই আনন্দ পুরো পরিবারেই ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন ম্যারাডোনা, ‘পুরো ম্যারাডোনা-পরিবারই খুব খুশি। আমি সার্জিও (আগুয়েরো), আমার মেয়ে জিয়ান্নিনা এবং নাতি বেনের সঙ্গে কথা বলেছি। তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছি।’ ওয়েবসাইট।এক ফাঁকে জামাতা আগুয়েরোর প্রশংসাও করে নিলেন, ‘আগুয়েরো আবারও প্রমাণ করেছে, সে বিশ্বমানের খেলোয়াড়। ৯৪ মিনিটে জয়সূচক গোল করাটা সত্যিকারের চ্যাম্পিয়নের পক্ষেই সম্ভব। এই জয়ে প্রমাণিত হয়েছে ম্যানচেস্টার সিটি দারুণ এক ক্লাব, বিশেষ করে, ইউনাইটেডের মতো প্রতিদ্বন্দ্বীকে টপকাতে সক্ষম হয়েছে ওরা।’