সিটির সামনে শিরোপার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ছায়ার নিচেই ঢাকা পড়ে থাকতে হয় ম্যানচেস্টার সিটিকে। এবার এই ছায়া থেকে বেরিয়ে আসতে চায় তারা। এফএ কাপ হতে পারে সেই উপলক্ষ।সেমিফাইনালে ম্যানইউকে হারিয়েই এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যান সিটি। ১৪ মে ওয়েম্বলির ফাইনালে প্রিমিয়ার লিগের ১৩ নম্বরের দল স্টোক সিটি তাদের প্রতিপক্ষ। প্রতিপক্ষ স্টোক বলেই সিটি এখন আশায়। যদিও স্টোক পরশু সেমিফাইনালে বোল্টনকে বিধ্বস্ত করেছে ৫-০ গোলে। ম্যান সিটির ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি তো ক্লাব সমর্থকদের জোরালো সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে সিটিকে উত্ত্যক্ত করা ম্যানইউর ব্যানারগুলো ছিঁড়ে ফেলা যায়।১৯৭৬ সালে সর্বশেষ শিরোপা জেতা ম্যান সিটি ৩৫ বছর পর আবার শিরোপার সুবাস পাচ্ছে নতুন করে সাজা দলটি। আড়াই বছর আগে আরব মালিক শেখ মনসুরের হাতে ওঠার পর খেলোয়াড় কেনার পেছনে দেদার টাকা ঢেলেছে ম্যান সিটি। খেলোয়াড় কিনতে ক্লাবটি খরচ করেছে ৩০ কোটি পাউন্ড, যা তাদের রাতারাতি এনে দিয়েছে সবচেয়ে ধনী ক্লাবের তকমা। ট্রফি জয়ের চাপটা আরও বেড়েছে এ কারণেই। তবে মানচিনি বলছেন, এটি বলা অযৌক্তিক, ম্যান সিটিই খেলোয়াড় কিনতে বেশি টাকা ব্যয় করেছে। সাফল্যের আশায় ম্যানইউ-চেলসিও অঢেল টাকা ঢালে। ‘আমাদের এই খরচ নিয়ে অসংখ্যবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আমাকে। কিন্তু আমরা তো ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে কিনিনি। আমরা কিনেছি কিছু তরুণ খেলোয়াড়, ভালো খেলোয়াড়।’১৯৮১ সালের পর আবার এফএ কাপের ফাইনালে ওঠা সিটির কোচ মানচিনি স্টোকের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী, ‘আমাদের মানসিক জোরটা একটু বেশিই থাকবে, কারণ আমরা ফাইনালে উঠেছি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে। আর ম্যানইউ তাদের সেরা দল নিয়েই খেলেছে।’এফএ কাপের শিরোপা জিতেই ট্রফি জয়ের অভ্যাস গড়ে তুলতে চায় ম্যান সিটি। তবে এ নিয়ে আচ্ছন্ন হয়ে পড়তে চায় না সিটি। তাই খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার পরামর্শও দিয়ে যাচ্ছেন মানচিনি, ‘৯০ মিনিটে যেকোনো কিছুই ঘটতে পারে। ম্যানইউর সঙ্গে যে মানসিক শক্তি নিয়ে খেলেছি, সে রকম খেলতে পারলেই জিততে পারব।’ এএফপি, ওয়েবসাইট।