সিটির হারে আরও এগিয়ে ম্যানইউ
২০তম লিগ শিরোপাটা বোধ হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়েই দিল ম্যানচেস্টার সিটি। কাল আর্সেনালের কাছে ০-১ গোলে হেরে নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়ল সিটি। দিনের প্রথম ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ৩২ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৭৯, সিটির ৭১।মাইকেল আরটেটার ৮৭ মিনিটের গোলটিই মরণঘাতী আঘাত হয়ে এসেছে মানচিনির দলের জন্য। ম্যাচের শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ‘ব্যাড বয়’ বালোতেল্লির বহিষ্কার হওয়া লজ্জাটা বাড়িয়েছে আরও। এই জয়ে টটেনহামকে টপকে তিনে উঠে এসেছে আর্সেনাল।ইউনাইটেডকে লিগে টানা অষ্টম জয়টি এনে দিয়েছে ওয়েইন রুনি ও পল স্কোলসের দুই অর্ধের দুই গোল। ১৪ মিনিটে রেফারির উপহার দেওয়া এক বিতর্কিত পেনাল্টি থেকে গোল করেন রুনি। শুধু পেনাল্টিই নয়, রেফারির ওই সিদ্ধান্তে ১০ জনের দল হয়ে যায় কিউপিআর। পেনাল্টি বক্সে তালগোল পাকিয়ে পড়ে যাওয়া অ্যাশলি ইয়াংয়ের অতি অভিনয়ে লাল কার্ড দেখেন শন ডেরি।পরিবর্তন এসেছে ‘সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। পরশু এসি মিলানের পা হড়কানোর সুযোগে শীর্ষস্থানটা ফিরে পেয়েছে জুভেন্টাস। পালের্মোকে ২-০ গোলে হারিয়েই ২০০৩ সালের পর আবার স্কুডেট্টো জয়ের দিকে এক ধাপ এগিয়েছে সিরি আর সবচেয়ে সফল ক্লাবটি। দুই ম্যাচ আগেও জুভেন্টাসের চেয়ে পরিষ্কার ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা এসি মিলান সান সিরোতে ১-২ গোলে হেরেছে ফিওরেন্তিনার কাছে। ৩১ ম্যাচ শেষে জুভেন্টাসের ৬৫ ও মিলানের ৬৪ পয়েন্ট। ৩১ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল মিলান। ৪৭ মিনিটে ফিওরেন্তিনার স্টেভান জোভেটিচ সমতা আনেন। ৮৯ মিনিটে মিলানের পরাজয় নিশ্চিত করা গোলটি করেন জুভেন্টাসের সাবেক খেলোয়াড় আমুরি। পরশু জুভেন্টাস জিতেছে লিওনার্দো বোনুচ্চি ও ফ্যাবিও কুয়াগ্লিয়ারেল্লার দুই গোলে।এদিকে জার্মানিতে ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। পরশু ‘সুপার’ মারিও গোমেজের দুই গোলে অগসবুর্গকে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধানটা ৩-ই রেখেছে বায়ার্ন। এদিন বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ড ৩-১ গোলে জিতেছে ভল্ফসবুর্গের বিপক্ষে। পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানডিয়স্কি ২টি ও ইলকারি গুনডোগান করেছেন বাকি গোলটি। ২৯ ম্যাচে বায়ার্নের ৬৩ ও ডর্টমুন্ডের ৬৬ পয়েন্ট। লিগ শেষ হতে বাকি আর মাত্র ৫ ম্যাচ। এএফপি, রয়টার্স।