সিডনি গেলেন সাকিব
এক ঢিলে দুই পাখি অনেকই মারা যায়। তাই বলে ডাক্তার দেখানো আর মধুচন্দ্রিমা অন্তত এক যাত্রায় হতে পারে না। তবে বিয়ের পর স্ত্রী শিশিরকে নিয়ে দূরে কোথাও যাওয়া হয়নি বলে সিডনির সংক্ষিপ্ত সফরটাতে মধুচন্দ্রিমার আমেজও একটু পাবেন সাকিব। শিনবোনের চোট দেখাতে কাল রাতেই স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার।সিঙ্গাপুর এয়ারলাইনসে রিটার্ন টিকিট ২৬ ফেব্রুয়ারির। পাঁচ দিনের অস্ট্রেলিয়া সফরে সাকিব মূলত ডাক্তারি পরামর্শই নিতে গেছেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের উপব্যবস্থাপক শরিফুল ইসলাম। শিনবোনের চোট যেহেতু মূলত বিশ্রামেই ভালো হয়, চিকির্যাসার জন্য বাড়তি সময় অস্ট্রেলিয়ায় থাকার প্রয়োজন না-ও হতে পারে। সিডনির সেন্ট ভিনসেন্ট ক্লিনিকে আগামীকাল বিশেষজ্ঞ চিকির্যাসক স্কট বার্নসের সঙ্গে দেখা করার কথা সাকিবের।ওদিকে সাকিবসহ প্রাথমিক দলের ১৩ ক্রিকেটারকে ছাড়াই কাল শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করেছে জাতীয় দল। নতুন প্রধান কোচ শেন জার্গেনসেন এবং নতুন ফিল্ডিং কোচ কোরি রিচার্ডসের সঙ্গে প্রথম দিনের অনুশীলনে যোগ দেওয়া ১২ ক্রিকেটার হলেন রাজ্জাক, শাহরিয়ার, জহুরুল, নাজমুল, জিয়া, শাহাদাত, রবিউল, ইলিয়াস, শামসুর, সোহাগ, মমিনুল ও সাব্বির। বাকিদের মধ্যে কেউ নিয়েছেন ছুটি, কেউ আগের রাতে বিপিএল ফাইনাল খেলেছেন, কেউ-বা কাল থেকে খেলবেন বিসিএলের পাঁচ দিনের ফাইনাল। তবে অধিনায়ক মুশফিকুর রহিম আছেন বিশ্রামে। চোটের কারণে কাল শুরু হতে যাওয়া বিসিএল ফাইনালেও বিসিবি উত্তরাঞ্চলের হয়ে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ।