সিডনি থেকেই উড়ল বার্ড!
পুরস্কার বিতরণী মঞ্চেই ছিলেন গ্লেন ম্যাকগ্রা। জ্যাকসন বার্ডের হাতে ম্যাচসেরার পুরস্কারটাও যদি তুলে দিতেন, কী দারুণভাবেই না মানিয়ে যেত। দুজনের নাম তো এখন উচ্চারিত হচ্ছে একসঙ্গেই!ম্যাকগ্রার ডাকনাম ‘পিজিওন’ বা কবুতর! ‘বার্ড’ নামটা এমনিতেই পাশাপাশি আসার কথা। তবে শুধু মজা করেই নয়, দুজনকে পাশাপাশি রাখছে ক্রিকেটই। উচ্চতা প্রায় সমান। দুজনের বোলিং অ্যাকশনেও খানিকটা মিল আছে। সহজ, ছন্দময় রানআপ। সবচেয়ে বড় মিল বোলিংয়ের ধরনে। ক্রমাগত একই জায়গায় বল ফেলে যাওয়া, দুই দিকেই ছোট ছোট সুইং। ব্যাটসম্যানের খুব কাছ থেকে অস্বস্তিকর উচ্চতায় বাউন্স তুলতে পারার ক্ষমতা। সবদিক থেকেই ম্যাকগ্রা ঘরানার বোলার বার্ড।এভাবে বোলিং করেই টেস্ট ক্যারিয়ারের দারুণ শুরু। বক্সিং ডে টেস্টে অভিষেকে পেয়েছিলেন ৪ উইকেট। সিডনিতে টেস্টে ম্যাচসেরা ৭ উইকেট পেয়ে। স্বয়ং ম্যাকগ্রা মুগ্ধ উত্তরসূরিকে দেখে, ‘ও খুব ভালো জায়গায় ক্রমাগত বোলিং করে ব্যাটসম্যানকে চাপে ফেলে। বাজে ডেলিভারি বলতে গেলে করেই না। গতিও ভালো...বল সুইং করাতে পারে, বাউন্স পায়। ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করে।’শুরুর এমন সাফল্য, ম্যাকগ্রার সঙ্গে তুলনা—সবকিছুকেই স্বপ্নের মতো মনে হতে পারে বার্ডের। স্বপ্নের ভেতর আছেন আসলে বছর দেড়েক ধরেই। ১৪ মাস আগে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলাটাই ছিল তাঁর স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই পাড়ি জমিয়েছিলেন তাসমানিয়ায়। জন্ম, বেড়ে ওঠা, ক্রিকেটার হয়ে ওঠা সিডনিতে। গ্রেড ক্রিকেট খেলেছেন অনেক দিন। কিন্তু নিউ সাউথ ওয়েলস দলে জায়গা পাচ্ছিলেন না। হঠাৎই প্রস্তাব এল তাসমানিয়া থেকে, লুফে নিলেন। এ সিদ্ধান্তটিই পাল্টে দিল জীবনের মোড়। ২০১১ সালের নভেম্বরে অভিষেক শেফিল্ড শিল্ডে। অভিষেক মৌসুমেই ৮ ম্যাচে ৫৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। এরপর ‘এ’ দল হয়ে টেস্ট দলে। দ্বিতীয় টেস্টেই মাঠসেরা ‘ঘরের মাঠে’!সিডনি ছেড়ে গেছেন, তবে এটিকে এখনো ঘরের মাঠই মনে করেন ২৫ বছর বয়সী পেসার, ‘প্রমাণ করার কিছু ছিল না, বরং সিডনিকে এখনো ঘরের মাঠই বলব। ২৪ বছর বয়স পর্যন্ত এখানেই ছিলাম, পরিবার-বন্ধুরা সব এখানে। ওদের সামনে এই পারফরম্যান্স আরও বিশেষ হয়ে উঠেছে।’এখন তো তাঁকে নিয়ে দারুণ উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে। সাবেক স্পিনার গ্রেগ ম্যাথুজ বলে দিয়েছেন, ‘অন্তত ২০০ টেস্ট উইকেট পাবে বার্ড।’ মাইকেল স্ল্যাটার দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন, ইংল্যান্ডে ম্যাকগ্রার মতোই বিধ্বংসী হয়ে উঠছেন বার্ড। বার্ড নিজে কিন্তু ম্যাকগ্রার সঙ্গে তুলনায় লজ্জাই পাচ্ছেন, ‘সর্বকালের সেরাদের একজনের সঙ্গে তুলনীয় হওয়াটা দারুণ ব্যাপার। কিন্তু এটা মাত্রই আমার দ্বিতীয় টেস্ট, গ্লেন ৫০০-এর বেশি উইকেট পেয়েছে। তাঁর কাছাকাছি যেতেও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাকে।’ ওয়েবসাইট।