সিডনিতেও জয় চায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফরকারী শ্রীলঙ্কাকে রীতিমতো নাজেহাল করে দিয়ে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজটিও তারা ইতিমধ্যেই জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু এখন এতেও সন্তুষ্ট নয় মাইকেল ক্লার্ক বাহিনী। আগামীকাল সিডনিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও জয় দিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে চান অসি ক্রিকেটাররা। সিডনি টেস্টটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মাইক হাসির জন্য। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার ফলে এই টেস্টেই শেষবারের মতো সাদা রঙের পোশাকে দেখা যাবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এ ছাড়া সদ্য প্রয়াত ইংলিশ ক্রিকেটার টনি গ্রেগের স্মরণে সিডনি টেস্টে কালো ব্যান্ড পরে মাঠে নামবেন দুই দলের ক্রিকেটাররা।শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৩৭ রানের ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে লঙ্কানদের আরও বড় ব্যবধানে হারের স্বাদ দেয় স্বাগতিকরা। অসি বোলারদের দুর্দান্ত দাপটে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ইনিংস ও ২০১ রানের বিশাল ব্যবধানে। এবার আগামীকাল থেকে সিডনিতে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ম্যাচেও জয়ের অঙ্গীকার নিয়েই মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অন্যদিকে সিরিজ হার নিশ্চিত হয়ে গেলেও যেকোনো মূল্যে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চেষ্টা চালাবে শ্রীলঙ্কা। কিন্তু সিডনি টেস্টে লঙ্কানদের মাঠে নামতে হবে কুমার সাঙ্গাকারাকে ছাড়া। আঙুলের ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে তার পরও সিরিজের শেষ টেস্টে জয়ের জন্য শ্রীলঙ্কা সর্বোচ্চ চেষ্টাটাই করবে বলে জানিয়েছেন থিলান সামারাবীরা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ নিয়েই নতুন বছর শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই লঙ্কান ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘সিরিজের দুটি হার হজম করাটা খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু সেটা এখন অতীত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় দিয়েই আমরা নতুন বছর শুরু করতে চাই। নতুন বছরের শুরুতে এই মনোভাব নিয়েই আমরা মাঠে নামব।’সিডনি টেস্টটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল হাসির জন্য। এটাই ৩৭ বছর বয়সী মাইকেল হাসির শেষ টেস্ট। ভালো পারফরমেন্স দিয়ে বিদায়ী ম্যাচটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে শেষ টেস্টটাতে কোনো রকম চাপ না নিয়ে শুধুই উপভোগ করতে চান হাসি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এই শেষ টেস্টে আমার ওপর কোনো চাপ থাকবে না। আমি শুধু মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করতে চাই।’— টাইমস অব ইন্ডিয়া